৯ জেলায় নিরুত্তাপ হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফেনী, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর ও কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল পালিত হয়েছে। এদিকে জয়পুরহাট, টাঙ্গাইল, রাজবাড়ী ও কুমিল্লায় হরতাল ছিল ঢিলেঢালা। বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন বিস্তারিত:

ফেনী: জেলা বিএনপির ডাকে হরতালের শুরুতে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ও রামপুর রাস্তার মাথা নামক স্থানে পিকেটাররা ৮-১০টি কাভার্ডভ্যান ও ট্রাক ভাঙচুর করে। এ ছাড়া মহিপাল, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোডসহ শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মিজান রোডের মাথায় যানবাহন ভাঙচুরের অভিযোগে তিন পিকেটারকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর: জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা আট ঘণ্টার হরতালে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের সরকারি ইয়াসিন কলেজের সামনে পিকেটাররা একটি ট্রাকে আগুন দেয়। সাদিপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাঙচুর করে। এ ছাড়া তারা ঝিলটুলি ও পূর্ব খাবাসপুর এলাকায় একটি ট্রাক ও একটি পিকআপ ভাঙচুর করে। গত সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

মাদারীপুর: জেলা ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গতকাল ভোরে মাদারীপুর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, ইট ও গাছ কেটে অবরোধ শুরু করেন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা থেকে টেকেরহাট পর্যন্ত কয়েকটি স্থানে গাছ কেটে অবরোধ করে হরতালকারীরা। এ সময় তারা সাকুরা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

কিশোরগঞ্জ: হরতাল নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ায় স্থানীয় বিএনপির দলীয় কোন্দল প্রকট হয়ে ওঠে। ফলে শহরে কোনো হরতাল হয়নি।

লক্ষ্মীপুর: জেলা বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা সকাল থেকেই রায়পুর-লক্ষ্মীপুর ও রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখেন। শহরের উত্তর তেমোহনী এলাকায় মহিলা কলেজের সামনে পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): পিকেটিংয়ে বাধা দেওয়ায় শিবির কর্মীদের হামলায় যুবলীগের দুই নেতাসহ চারজন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ: হরতালের সমর্থনে মশালমিছিল বের করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিএনপির কর্মী-সমর্থকদের। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে দলীয় নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। মিছিরকারীরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার সময় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।