৯ জেলায় নিহত ১৪
ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আরও আট জেলায় দুর্ঘটনায় শিশুসহ নয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহত হয় ১৪ জন। এ নিয়ে গত ৯৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৩৭।
ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ওয়াপদা মোড়ে গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বলিদাপাড়া গ্রামের আমিরুল ইসলাম ওরফে ইসলাম স্যার (৬০), একই গ্রামের ইব্রাহিম হোসেন (৫৭) ও অজ্ঞাত এক নারী।
পাবনার সুজানগর উপজেলার তাঁতিপাড়া মোড়ে বিকেলে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভূমি কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।
মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে তারিকুল ইসলাম (২৪) ও আমিরুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় ইজারন নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। যশোরের শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ভোরে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। তাঁর নাম দুলাল হক (২৫)। সিরাজগঞ্জ পৌর শহরে অ্যাম্বুলেন্সের চাপায় একটি শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সাজ্জাদ হোসেন (৮)।
বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম হাবিবা আক্তার (১২)। ঝালকাঠির রাজাপুরে গত বুধবার রাতে ইসরাফিল খান (২৭) এবং মানিকগঞ্জের শিবালয়ে মকবুল হোসেন খান (৬০) নামে দুজন নিহত হয়েছেন।