৯ তলার অনুমোদন নিয়ে ১১ তলা
কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের জনবহুল এলাকায় নয়তলার অনুমোদন নিয়ে ১১ তলা ভবন নির্মাণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ওই ভবন অপসারণের জন্য মালিককে গত সাত বছরে কমপক্ষে ২০ বার চিঠি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু তাতে মালিক সাড়া দেননি। কুমিল্লা সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৫ সালের ২০ ডিসেম্বর শহরের মো. জাহেদ হোসেন নয়তলা বাণিজ্যিক ও আবাসিক ভবন (ময়নামতি গোল্ডেন টাওয়ার) নির্মাণের জন্য আবেদন করেন। নগরের কান্দিরপাড় এ কে ফজলুল হক সড়কের মনোহরপুর মৌজার নিউমার্কেটসংলগ্ন ৪ দশমিক ৫১ শতক জায়গা ওই ভবন নির্মাণের জন্য চিহ্নিত করা হয়। ওই বছরের ২৬ ডিসেম্বর ইমারত নির্মাণ উপকমিটি নয়তলার অনুমোদন দেয়। ২৮ ডিসেম্বর পৌর পরিষদের সাধারণ সভায় সেটি চূড়ান্ত অনুমোদন পায়। অনুমোদন পাওয়ার পর জাহেদ হোসেন ১০ তলা ভবন নির্মাণ করেন। ওই সময়ে তিনি ভবনের নকশা ও আকৃতি পরিবর্তন করেন। নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ ও ১১ ডিসেম্বর তাঁকে চিঠি দেওয়া হয়। তিনি ওই চিঠির কোনো জবাব দেননি। উল্টো ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি আরও একতলা বাড়িয়ে ১০ তলা করার আবেদন করেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ জানান, ওই সময়ে জাহেদ হোসেন আবেদনে উল্লেখ করেন, ইমারতের উভয় পাশে ২ দশমিক ৫০ মিটার জায়গা খালি আছে। তদন্তে দেখা গেছে, ভবনের উভয় পাশে এক মিটারের কম জায়গা খালি আছে। এরপর তাঁকে নয়তলার বেশি অনুমোদন দেওয়া হয়নি। পরে জাহেদ হোসেন পৌর কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে ভবন আরও একতলা উঁচু করেন। ১১ তলা এ ভবনে গাড়ি রাখার কোনো জায়গা না রেখে বেইজমেন্টে প্রথমে হোটেল, পরে সেলুন, চা-দোকান ও প্লাস্টিক সামগ্রীর দোকান বসান। প্রথম ও দ্বিতীয় তলায় শাড়ি কাপড়ের দোকান, তৃতীয় তলায় প্রসাধনী ও রূপচর্চার দোকান, চতুর্থ তলায় প্যান্ট ও জুতার দোকান করা হয়। ষষ্ঠ তলায় আবাসিক কোয়ার্টার। পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও ১০ম তলায় একটি বিমা কোম্পানিসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় করা হয়েছে। ১১ তলায় দর্জির দোকান রয়েছে। এরপর কুমিল্লা পৌরসভা ও ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর অনুমোদনহীন ওই ভবন অপসারণ করতে মালিককে কমপক্ষে ২০ বার নোটিশ/চিঠি দেওয়া হয়। কিন্তু তা তিনি আমলে নেননি। উদ্ভূত পরিস্থিতিতে গত ২৮ মে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক অনুমোদনহীন ভবনটি ভেঙে ফেলার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়োগের জন্য কুমিল্লা জেলা প্রশাসককে চিঠি দেন। এ পরিপ্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন ৪ জুন একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। জানতে চাইলে ভবনের মালিক মো. জাহেদ হোসেন বলেন, ‘নয়তলা অনুমোদন নিয়ে বেইজমেন্ট ছাড়াই ১১ তলা করেছি, এটা সত্য। এখন সেটি বৈধ করার জন্য চেষ্টা করছি।’ সিটি করপোরেশনের নোটিশ ও চিঠি প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, অনুমোদনহীন কোনো ভবন নগরে হতে দেওয়া হবে না। যেগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই ওই ভবনটি ভেঙে ফেলা হবে বলে দোকানিরা নিশ্চিত করেন।