৯ দফা দাবি আদায়ে চা ছাত্র যুবকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো চা-শ্রমিক জাগো এই—স্লোগান নিয়ে চা-বাগানে ভূমি অধিকার নিশ্চিতকরণসহ নয় দফা দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চা-শ্রমিক ছাত্র ও যুবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চা-শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের নেতৃত্বে শমশেরনগর চৌমুহনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জুয়েল আহমদসহ নানা পেশার মানুষজন। চা ছাত্র যুবকদের পক্ষে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপাল মাদ্রাজি, রাম ভজন রবিদাস, মিঠুন রিকিয়াশন, সনাতন লোহার, কৈলাশ রবিদাস, রাজ কুমার রবিদাস ও রঞ্জিত রবিদাস।

মোহন রবিদাস বলেন, চা-শ্রমিকেরা এ দেশের নাগরিক। চা-শ্রমিকদের ভোটে সিলেট বিভাগের একটি আসনের সাংসদ নির্বাচিত হলেও সংসদে চা-শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা বলা হয় না। চা-শ্রমিকেরা ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত হলেও সরকারিভাবে এখন পর্যন্ত তা করা হয়নি। ফলে দেশের অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার যেসব সুবিধা ভোগ করছে, চা-শ্রমিকেরা তা থেকে বঞ্চিত হচ্ছেন।

নয় দফার মধ্যে রয়েছে, চা-বাগানে বসবাসরত সব জনগোষ্ঠীকে ক্ষুদ্র জাতিসত্তার তালিকায় অন্তর্ভুক্ত করা, দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ করা, চা-বাগানে চা-জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করা, চা-জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সংরক্ষণের জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ইত্যাদি।