৯ দিন পর দুটি মামলা, আসামি ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ও বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় নয় দিন পর গত বুধবার রাতে আগৈলঝাড়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান বলেন, বেআইনিভাবে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দুটি থেকে মোট ১৮০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বুধবার রাতে দুজন প্রিসাইডিং কর্মকর্তা মামলাগুলো দায়ের করেন। এসব মামলায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এসআই মো. হাসানুজ্জামান আরও বলেন, প্রথম ধাপের নির্বাচনের দিন (২২ মার্চ) উপজেলার বাকাল ইউনিয়নের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অন্য দিকে বাগড়া ইউনিয়নের আমবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় অপর মামলাটি দায়ের করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল হক।
আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, গত ২২ মার্চ নির্বাচনের দিন ওই দুটি কেন্দ্র দখল করা ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এসব অনিয়মের কারণে কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।