৯ দিন পর মারা গেল অজগরটি
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর দুর্গম চরে ধরা পড়া অজগর সাপটি গতকাল বৃহস্পতিবার মারা গেছে। প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও অনুকূল পরিবেশের অভাবে ধরার ৯ দিন পর বেলগাছা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে প্রাণীটি মারা যায়।
স্থানীয় কয়েকজন বলেন, ২২ মার্চ সকালে যমুনা নদীর চরে কয়েক ব্যক্তি কাশবন পরিষ্কার করছিলেন। এ সময় তাঁরা অজগরটি দেখতে পান। সাপটি প্রায় ১২ ফুট লম্বা। স্থানীয় লোকজন সাপটি মারার চেষ্টা করেন। এ সময় বেলগাছা গ্রামের বাসিন্দা ও কুলকান্দি সামছুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর থেকে সাপটি ওই ব্যক্তির বাড়িতে ছিল।
এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘যমুনা নদীর দুর্গম চরে অজগর’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তখন ঢাকা বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেছিলেন, দ্রুত সাপটিকে উদ্ধার করা হবে। তারপর বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে চিকিৎসা দিয়ে অবমুক্ত করা হবে।
গতকাল রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অসীম মল্লিককে সাপটি উদ্ধারের জন্য জানানো হয়েছিল। তিনি দ্রুত সময়ের মধ্যে সাপটি উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে অনুকূল পরিবেশে নিয়ে যাওয়া হবে বলে একাধিকবার কথা দেন। কিন্তু তিনি আর সাপটি নিয়ে যাননি। ফলে প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও অনুকূল পরিবেশের অভাবে সাপটি মারা গেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য অসীম মল্লিকের মুঠোফোনে গতকাল একাধিকবার কল করে নম্বরটি বন্ধ পাওয়া যায়।