৯ নম্বর ওয়ার্ডে চিৎকার আর কান্নার শব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ড ভর্তি মানুষ। গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জোড়া বিস্ফোরণে আহত বেশির ভাগ রোগীকেই এ ওয়ার্ডে রাখা হয়েছে। কেউ বিছানায় কাঁদছেন, কেউ কাতরাচ্ছেন।
এই ওয়ার্ডে ভর্তি ক্ষুদ্র ব্যবসায়ী বিপ্লব পাল। পা দুটো ব্যান্ডেজে মোড়ানো। পায়ে কোনো শক্তি নেই, তবে আছে প্রচণ্ড যন্ত্রণা। আদৌ নিজের পায়ে দাঁড়াতে পারবেন কি না, জীবিকার কী হবে, দুই ছেলেকে মানুষ করতে পারবেন কি না, এসব চিন্তা কুরে কুরে খাচ্ছে মধ্য ত্রিশের এই ব্যবসায়ীকে।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেল, বিপ্লবের বিছানার পাশে বসে আছেন তাঁর বোন অর্পণা পাল। কী থেকে কী হয়ে গেল, তা নিয়ে দুই ভাইবোন অঝোরে কাঁদছিলেন। বিপ্লব বললেন, তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। তিনি চিড়ামুড়ির মোয়া তৈরি করে বিক্রি করেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে বাড়ি যেতে হয় তাঁকে। হুমায়ুন রশীদ চত্বর থেকে রওনা হয়ে একটু সামনে গিয়ে নিরাপত্তাবেষ্টনীতে আটকে যান তিনি। এরপরও ফাঁক দিয়ে শিববাড়ি পার হওয়ার কথা ভাবতে থাকেন তিনি। কারণ, একটু এগিয়ে গেলেই বাড়ি যাওয়ার গাড়ি পাবেন। ভাবনামতো হেঁটে রওনা হতে না-হতেই সন্ধ্যার দিকে বিস্ফোরণ হয়। তিনি সঙ্গে সঙ্গে পড়ে যান। অন্যরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে আনেন।
আহত হয়ে এই ওয়ার্ডেই চিকিৎসা নিচ্ছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুন অর রশীদ। গতকাল তিনি বলেন, প্রথম বিস্ফোরণের পর যখন তিনি যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের কাজ করছিলেন, তখনই এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, সেই বৃহস্পতিবার রাত থেকে টানা ডিউটিতে ছিলেন। শেষ পর্যন্ত আহত হয়ে হাসপাতালে এলেন, ঘরে আর ফেরা হয়নি।
এই ওয়ার্ডে আসা আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই উৎসুক মানুষ। কেউ সবজি বেচেন, কেউ রডমিস্ত্রি, কেউ কৃষিকাজ করেন। আহত হওয়ার পর অনেকেই জীবন ও জীবিকা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই আহত ব্যক্তিদের মধ্যে হামলাকারী রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের ভাষ্য নেওয়া হচ্ছে। বিশেষ করে কয়েকজন আহত তরুণের ওপর পুলিশ তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে।
এদিকে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক বলেন, শনিবারের জোড়া বিস্ফোরণের পর এই হাসপাতালে মোট ৫০ জন আসেন। এঁদের মধ্যে ৬ জন মারা যান। বাকি ৪৪ জনের মধ্যে একজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ৪৩ জনের চিকিৎসা চলছে এখানেই। সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন। শনিবার রাতে একসঙ্গে হাসপাতালে ১০টি ওটি (অস্ত্রোপচারকক্ষ) চালানো হয়েছে।
এদিকে বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর শনিবার রাতেই র্যা বের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর গতকাল তাঁকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল ঘিরে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। জঙ্গিবিরোধী এই অভিযানের মধ্যে গতকাল সন্ধ্যার দিকে আতিয়া মহলের প্রায় দেড় শ গজ দূরে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনাবাহিনী। এই সম্মেলন শেষ হতে না-হতেই আতিয়া মহল থেকে প্রায় আড়াই শ গজ দূরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ৪০-৪৫ মিনিট পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণস্থলটি ছিল প্রথম বিস্ফোরণস্থল থেকে শখানেক গজ দূরে। এই দুটি বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন। সাংবাদিক, পুলিশ, র্যা ব সদস্যসহ মোট ৪৪ জন আহত হয়েছেন।