৯ নারী প্রার্থীর সাতজনই গৃহিণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী নয়জনের মধ্যে একজন ক্লিনিকের মালিক ও আরেক জন পুষ্টিকর্মী। বাকি সাতজন গৃহিণী।
মনোনয়নপত্রের হলফনামা সূত্রে জানা যায়, নারী কাউন্সিলদের একজন ছাড়া সবাই নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ঘরের আসবাবপত্রের মালিক বলে দাবি করেছেন।
নারী কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের লোকজন নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। বেশির ভাগ নারী তাঁর স্বামী ও ছেলের পরিচয় দিয়ে নিজেকে পরিচিত করে ভোট চাইছেন।
চার-পাঁচজন নারী কাউন্সিলর প্রার্থী জানান, ভোটের কারণে সাধারণ লোকজনের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। সংসারের রান্না আর বাড়ির কাজ ছাড়া কখনো বাইরে ঘোরার সুযোগ হয়নি। সংসারের কাজ ছাড়া আয়ের জন্য অন্য কোনো পেশায়ও জড়িত হননি তাঁরা।
বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মধ্যে ১০-১২ জন বলেন, বেশির ভাগ নারীকে তাঁরা আগে চিনতেন না। ভোটের কারণে তাঁরা অন্দর মহল থেকে বাইরে বেড়িয়ে এসেছেন। তাঁরা স্বামীর পরিচয় দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীদেরও সমাজসেবামূলক কাজ করতে হবে। নির্বাচনে নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে একটি ভালো পদক্ষেপ।