৯ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে পিসিপির বিক্ষোভ
খাগড়াছড়ির পানছড়িতে নয় নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
গতকাল দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিলনপুর ভাঙ্গা ব্রিজের সামনে
গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা।
এদিকে বিকেলে পানছড়িতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিসিপি। পানছড়ি উপজেলা শাখা আয়োজিত মিছিলটি পানছড়ি ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। পানছড়ি উপজেলা গেটের সামনে গিয়ে সেটি শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। পিসিপির পানছড়ি উপজেলা শাখার সহসভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি রুপায়ন চাকমা।
বক্তারা পানছড়ি উপজেলা পিসিপির কার্যালয় থেকে গ্রেপ্তার নয় নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।