৯ পশুর হাটের ৭টিই ইজারা পেলেন আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরে এবার নয়টি পশুর হাট বসবে। এর সাতটিই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা ইজারা পেয়েছেন।
বাকি দুটির একটি হাটের ইজারা বিএনপির এক নেতার নামে হলেও সেটিতেও আওয়ামী লীগের কর্মীদের ভাগ রয়েছে। অন্যটি রয়েছে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে।
৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হাটগুলোতে কোরবানির পশু বিক্রি হবে।
এবার নয়টি পশুর হাটের মধ্যে দুটি স্থায়ী ও সাতটি অস্থায়ী। গত বছর পাঁচটি অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছিল। এ বছর আরও দুটি নতুন হাটের অনুমোদন দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের হাটবাজার শাখার পরিদর্শক মো. আবুল কালাম জানান, ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া ও ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোডে দুটি স্থায়ী পশুর হাট রয়েছে। এর বাইরে ঈদুল আজহা উপলক্ষে ১, ৪, ১৪, ২০ ও ২৫ নম্বর ওয়ার্ডে একটি করে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। শুধু ২৪ নম্বর ওয়ার্ডে অনুমোদন দেওয়া হয়েছে দুটি হাটের।
সিটি করপোরেশনের হাটবাজার শাখা জানায়, ১ নম্বর ওয়ার্ডের টেক্সটাইল বালুর মাঠ এলাকার হাটের ইজারা পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ল’ কলেজছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মো. রফিকুল ইসলাম ওরফে মামা খোকন। ৪ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক মাঠের হাট পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোড হাট পেয়েছেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ সুজন, ১৪ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম সড়ক মাঠের হাট পেয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে চুন্নু, ২০ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড যুবক হাউজিং মাঠের হাট পেয়েছেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি রফিক আহম্মেদ, ২৪ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির সামনের হাট পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, ২৫ নম্বর ওয়ার্ডের উকিলবাড়ি সড়কের হাট পেয়েছেন আওয়ামী লীগের কর্মী মোল্লা সাইদুর রহমান এবং একই ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সড়কের হাট ইজারা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী কামাল আহম্মেদ। একমাত্র বাঘিয়া পশুর হাট বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলর প্রথম আলোকে বলেন, নামে সিটি করপোরেশন বাঘিয়ার দায়িত্বে থাকলেও মূলত সেটা চালাবেন ২৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহম্মেদ।
জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী যাঁরা কোরবানির পশুর হাটের জন্য আবেদন করেছেন, তাঁদের কাছে ইজারা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষের লোক ছাড়া কেউ আবেদন করেনি। তাই আওয়ামী লীগের লোকেরা পেয়েছেন।’
তবে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার মেয়র থাকার সময়ে নিয়ম অনুযায়ী দলের কেউ কেউ হাটের অনুমোদন পেয়েছেন। ক্ষমতায় না থাকার কারণে এখন কেউ আগ্রহী হচ্ছেন না। তা ছাড়া আওয়ামী লীগের বাইরে গিয়ে হাট ইজারা নিয়ে করবেও বা কী? দলের কর্মীরাও তাই আবেদন করছেন না।’
জাতীয় পার্টি বরিশাল মহানগরের সভাপতি এ কে এম মুরতজা আবেদীন বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি যখন যারা ক্ষমতায় থাকে, তখন তারাই হাটের ইজারা পায়।’