৯ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রোববার ভেজালবিরোধী তিনটি অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন এবং পুলিশ যৌথ অভিযানে এই জরিমানা করে।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারিসহ খাদ্যপণ্য তৈরির অপরাধে সাতটি রেস্তোরাঁ ও কনফেকশনারিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রেস্তোরাঁগুলোর মধ্যে আরামবাগের স্মার্ট ঘরোয়া রেস্তোরাঁ অ্যান্ড হোটেল লিমিটেডকে ২০ হাজার, কমলাপুরের লোটাস রেস্টুরেন্টকে ২০ হাজার, পাটুয়াটুলীর লাক্সারি ঘি হাউসকে ১০ হাজার, মোয়াজ্জেম ঘি হাউসকে ১০ হাজার, মুসলিম সুইটসকে ২০ হাজার এবং ইংলিশ রোডের আল রাজ্জাক হোটেল অ্যান্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের নিবন্ধন না থাকায় কমলাপুরের লাবণী সুইটমিট অ্যান্ড কনফেকশনারির প্রায় ৩০ কেজি দই ধ্বংস করা হয় গতকালের অভিযানে।

এ সময় বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করায় ইসলামপুর রোডের বাবুল প্যাকিং ফ্যাক্টরিকে এক লাখ এবং জামাল প্যাকিং ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পলিস্টার ব্লেন্ড শার্ট ও প্যান্টের কাপড় অন্যতম। বিজ্ঞপ্তি।