৯ বছর আগে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে গিয়ে ফেরেননি পুলিশের আরেক সদস্য
৯ বছর আগে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে গিয়ে আর ফেরেননি চট্টগ্রাম নগর পুলিশের একজন সদস্য। তাঁর নাম মো. সোহাগ। পুলিশের সোয়াট দলের সদস্য হয়ে তিনি প্রশিক্ষণে গিয়েছিলেন। এদিকে ২৪ মে নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে উধাও হয়ে গেছেন নগর পুলিশের অপর দুই সদস্য। এখনো তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
নগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশিক্ষণে গিয়ে ২০১৩ সালের ২৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছিলেন নগর পুলিশের সাত সদস্য। সেই দলে ছিলেন কনস্টেবল সোহাগ। আর না–ফেরায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সোহাগদের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে গিয়েছিলেন পুলিশ সদস্য মির্জা সায়েম মাহমুদ। তিনি এখন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (নগর বিশেষ শাখা)। এই পুলিশ কর্মকর্তা রোববার নিজ কার্যালয়ে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে যাওয়া তাঁদের ওই দলে ঢাকা ও চট্টগ্রামের ২৪ জন পুলিশ সদস্য ছিলেন। তাঁদের মধ্যে শুধু কনস্টেবল সোহাগই আর দেশে ফেরেননি।
নগর পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বলেছেন, তাঁদের অনেকের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে যাওয়ার কথা থাকলেও কনস্টেবল সোহাগের ওই ঘটনার পর তা বন্ধ হয়ে যায়। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা বাংলাদেশে এসে তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন।
নতুন করে নেদারল্যান্ডসে দুই পুলিশ সদস্য উধাও হয়ে যাওয়ার ঘটনায় তাঁরা খুবই বিব্রত। বিষয়টি দেশের জন্যই ক্ষতিকর। এ কারণে প্রশিক্ষণে পাঠানোর আগে সতর্কতার সঙ্গে পুলিশ সদস্যদের বাছাই করা উচিত বলে মত দেন নগর পুলিশের সদস্যরা।
ফিরবেন না বলে ভাইকে জানিয়েছিলেন রাসেল চন্দ্র
চট্টগ্রাম নগর পুলিশের ডগ স্কোয়াড পরিচালনার দক্ষতা অর্জনে ৯ মে নেদারল্যান্ডসে গিয়েছিল চট্টগ্রাম মহানগর পুলিশের আট সদস্যের একটি প্রতিনিধিদল। প্রশিক্ষণ শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছেন দলের ছয়জন। রাসেল চন্দ্র দে ও শাহ আলম নামের দুই কনস্টেবল ফেরেননি।
দুই কনস্টেবলের মধ্যে রাসেল চন্দ্র দের বাড়ি কক্সবাজার সদরে। তিনি তাঁর দুবাইপ্রবাসী বড় ভাইকে ফোনে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরবেন না বলে আগেই জানিয়েছিলেন।
রাসেল চন্দ্রের বড় বোন কমলা পাল রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাসেল আমার বড় ভাইকে কয়েক দিন আগে ফোনে বলেছিল, নেদারল্যান্ডস আছে। সেখান থেকে আর ফিরবে না।’
তবে দেশে তাঁদের কারও সঙ্গে রাসেল যোগাযোগ করেননি বলে জানান কমলা পাল। দুবাইপ্রবাসী বড় ভাইও রাসেলের মুঠোফোন নম্বর বন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
না–ফেরা আরেক পুলিশ সদস্য শাহ আলমের কোনো খোঁজ এখনো পায়নি পুলিশ। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
দুই কনস্টেবলের বিষয়ে চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ জানিয়েছেন, দেশে ফেরার ফ্লাইটের আগের দিন দুই কনস্টেবল হোটেল থেকে বের হন। এরপর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ কমিশনার বলেন, তাঁদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দূতাবাসের মাধ্যমে প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রোববার পর্যন্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।