৯ বছর ধরে সাক্ষীর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেন আসলাম।  ফাইল ছবি
সুইডেন আসলাম। ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যা মামলার প্রধান আসামি সুইডেন আসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে গত নয় বছরে একজন সাক্ষীকেও আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। সর্বশেষ ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া নামে একজন আদালতে সাক্ষ্য দেন। এরপর থেকে বছরের পর বছর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তাসহ কোনো সাক্ষীকেই আদালতে হাজির করতে পারেনি পুলিশ। আজ মঙ্গলবারও এ মামলার প্রধান আসামিকে কারাগার থেকে আদালতে আনা হলেও হাজির হয়নি কোনো সাক্ষী।
১৯৯৭ সালের ২৭ মার্চ তেজগাঁও থানাধীন তেজকুনি পাড়ায় মাহমুদুল হক খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নিহতের স্ত্রী শাহেদা নাসরিন শম্পা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে ১৯৯৯ সালের ৮ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলার তদন্ত কর্মকর্তা হলেন, ডিবির পরিদর্শক এস এ নেওয়াজী।
ডিবির তৎ​কালীন পরিদর্শক মতিউর রহমান, তৎ​কালীন সহকারী কমিশনার রফিকুল ইসলাম ও তেজগাঁও থানার উপপরিদর্শক শাহ আলমসহ মামলার মোট ১৪ জন সাক্ষী আদালতে হাজির হচ্ছেন না। আদালত তাঁদের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি রেখেছেন।
এই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ২৪। এর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। নিহতের স্ত্রী শাহেদা নাসরিন ২০০৩ সালের ১৫ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন।
এদিকে আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার সর্বশেষ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ ২ এর বিচারক হোসনে আরা বেগম এ দিন ধার্য করেন।

আদালতের হাজতখানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোফাক্কারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত কয়েকটি ধার্য তারিখে সাক্ষী না আসার কারণে আদালতের হাজতখানায় আসামিকে রেখে দেওয়া হয়।’

এর আগে গত ১৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু সাক্ষী না আসায় মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। একইভাবে গত নয় বছরে বিভিন্ন সময় আসামিকে আদালতে হাজির করা হলেও সাক্ষী না আসায় মামলায় তারিখ পরিবর্তন হচ্ছে।

সুইডেন আসলাম বাদে মামলার অপর আসামিরা হলেন, আরমান (শীর্ষ সন্ত্রাসী), মানিক, বাদশা, রুবেল, নবী সুলাইমান, আনোয়ার, সাইফুল, আজিজুর, শাহীন, শফিকুল, রাকিব, দুলাল, আবু তাহের, দেলোয়ার, ন্যাংড়া মাসুদ, স্বপন, হাসান ইমাম ও সাদেকুল। এর মধ্যে কারাগারে আছেন সুইডেন আসলাম, শাহীন ও আরমান। ৮ জন পলাতক। জামিনে আছেন আটজন। ওয়াদুদ মাস্টার নামে এক আসামি মারা গেছেন।