৯ বছর পর প্রাণ ফিরল মাগুরা টেক্সটাইল মিলে
>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় কারখানাটি চালুর ব্যাপারে উদ্যোগের কথা জানান
নয় বছর পর প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে মাগুরা টেক্সটাইল মিল। শ্রমিক-কর্মচারীদের পদচারণ ও কোলাহলে গতকাল বুধবার জেগে উঠেছে এত দিন নিষ্প্রাণ অবস্থায় পড়ে থাকা কারখানাটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় কারখানাটি চালুর ব্যাপারে উদ্যোগের কথা জানান। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর গতকাল নতুন করে সেখানে উৎপাদন শুরু হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, ১৯৮০-৮১ অর্থবছরে মাগুরা পৌরসভার ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়কের পাশে ১৬ দশমিক ১৭ একর জায়গার ওপর কারখানাটি স্থাপিত হয়। কারখানাটি করতে ব্যয় হয়েছিল ৫১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা। শুরুতে কারখানায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক মিলে জনবল ছিল ৯৮৩ জন। কারখানাটি ১৯৮৫ সালে উৎপাদনে যায়।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন কারখানাটি শুরুতে ভালোভাবেই চলছিল। কিন্তু পরে সরকারি ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে মিলটি লোকসানে পড়ে। অব্যাহত লোকসানের মুখে ১৯৯৯ সালে কারখানাটি কার্যত বন্ধ হয়ে যায়, তখন শ্রমিক-কর্মচারীদের স্বেচ্ছা অবসরে (গোল্ডেন হ্যান্ডশেক) পাঠানো হয়। এরপরও ২০০০-২০০৮ সাল পর্যন্ত সার্ভিস চার্জের ভিত্তিতে কোনোরকমে কারখানাটি চালু ছিল। সেটাও সফল না হওয়ায় ২০০৮ সালের ১৭ আগস্ট কারখানাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
প্রায় নয় বছর বন্ধ থাকার পর কারখানাটি নতুন করে চালুর উদ্যোগ নেয় বিটিএমসি। তারা দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশ নিয়ে মেসার্স আলী আকবর নামে একটি প্রতিষ্ঠান বন্দোবস্ত পায়।
বন্দোবস্ত পাওয়া প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আলী আকবর গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘মাসিক দেড় লাখ টাকার চুক্তিতে আমরা কারখানাটির বন্দোবস্ত পেয়েছি। চুক্তির মেয়াদ ১২ বছর। আজ (গতকাল) আমরা স্বল্প পরিসরে উৎপাদন শুরু করেছি। আপাতত ৪৫ জন শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ১০৩ জনের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও বলেন, যন্ত্রপাতি দীর্ঘদিন পড়ে থেকে প্রায় অকেজো অবস্থায় রয়েছে। তবে অধিকাংশই ভালো আছে। ধোয়ামোছা করে শুরু করেছেন তাঁরা। পাশাপাশি কিছু নতুন যন্ত্র এনেছেন। ভালো কিছু হবে বলে তিনি খুবই আশাবাদী।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেল, পরিষ্কার-পরিচ্ছন্ন করে কারখানাটিকে নতুন করে সাজানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বেশ তৎপর। পুরো কারখানা এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। মিলের ভেতরে কর্মব্যস্ত হয়ে উঠেছেন শ্রমিকেরা। অনেকে দীর্ঘদিন পড়ে থাকা যন্ত্রপাতি ঠিকঠাক করছেন। কেউ উৎপাদনের কাজে ব্যস্ত। সবার চোখে-মুখে খুশির ঝিলিক।
কাটিং হেড ফিটার হিসেবে কাজ করছিলেন যশোরের মো. আব্দুল (৫৮)। তিনি বললেন, কারখানার জন্মলগ্ন থেকে ১৯৯৯ সালে বন্ধ হওয়া পর্যন্ত তিনি কাজ করেছেন। মাঝে বাড়ি গিয়ে খেতখামারে কাজ করতেন। নতুন করে মিল চালু হওয়ায় তাঁকে ডেকে আনা হয়েছে। কারখানায় ফিরতে পেরে তিনি আনন্দিত।
মণি মালা বিশ্বাস (৪৫) নামের কুকনা ঘোষপাড়ার এক নারী শ্রমিক বলেন, ‘আগেও মিলে কাজ করে গেছি। এত দিন ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে ছিলাম। এখন দুমুঠো খেয়ে-পরে বাঁচতে পারব।’
নতুন-পুরোনোদের ভিড়
এই কারখানার সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে অনেক শ্রমিকের। তবে আব্দুল-মণি মালার মতো তাঁদের সবার ডাক পড়েনি। তাতে কী? কারখানা চালুর খবরেই গতকাল তাঁদের অনেকে এসেছিলেন।
কোলের ছোট শিশুকে সঙ্গে নিয়ে এসেছিলেন মাগুরা শহরের তাঁতীপাড়ার ইতি সরকার (৪২)। তিনি বলেন, ‘১০ বছর আগে এই মিলে রিং মেশিনে কাজ করতাম। বন্ধ হওয়ার পর ফিরে গিয়ে কোনো কাজে স্থায়ী হতে পারিনি। এই একটা কাজই শিখছিলাম। তাই এসেছি যদি কাজে যোগ দিতে পারি।’
সেদিক দিয়ে ভাগ্যবতী শহরের ইসলামপুর পাড়ার সাবিনা খাতুন (২৭)। তিনি আগে কখনো এ কারখানায় কাজ করেননি। নতুন মুখ হিসেবে যাঁরা এ কারখানায় যোগ দিয়েছেন, তাঁদের একজন সাবিনা।
কারখানার তত্ত্বাবধায়ক ও সহকারী ব্যবস্থাপক (কারিগরি) নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘মিলটি চালুর বিষয়টি মাগুরাবাসীর জন্য দারুণ সুখবর। নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে মিলটি। মাগুরার আর্থসামাজিক উন্নয়নে মিলটির অগ্রণী ভূমিকা ছিল। আবারও আমরা আশাবাদী আশাবাদী হয়ে উঠেছি।’