চট্টগ্রামের বিএনপি নেতা ও শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরী অপহরণ ও হত্যা মামলার বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। নয় বছর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার ধার্য দিনে আদালত জামাল উদ্দিন হত্যা মামলার অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
২০০৩ সালের ২৪ জুলাই রাতে চট্টগ্রামের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চান্দগাঁওয়ের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা অপহরণ করে জামাল উদ্দিনকে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই বছর পর অপহরণের অন্যতম হোতা আনোয়ারা সদরের সাবেক ইউপি সদস্য শহীদকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তিতে জেলার ফটিকছড়ির কাঞ্চননগরের পাহাড়ি এলাকা থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যা ব।
চট্টগ্রামের আনোয়ারার রাজনীতিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একটি অংশ জামাল উদ্দিনকে অপহরণের পর হত্যা করে বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, ২০০১ সালে সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামাল উদ্দিনকে ২০০৬ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন। এ কারণে সরওয়ার জামাল ও তাঁর ভাই মারুফ নিজাম পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান বলে বিভিন্ন সময়ে জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
আদালত সূত্র জানায়, এই মামলার অষ্টম তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই সর্বপ্রথম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাতে তিনি মামলা থেকে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামসহ ২৪ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। একই সঙ্গে নতুন করে ১৬ জনকে আসামি করেন।
মামলার বাদী ও নিহত জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন একই বছরের ১৭ জুলাই। এতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামি কালা মাহবুবের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মারুফ নিজামসহ তাঁদের পরিবারের সদস্যদের নাম এলেও অভিযোগপত্রে তাঁদের আসামি রাখা হয়নি। পরে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১০ ডিসেম্বর আগের অভিযোগপত্রের মতোই ওই ২৪ জনকে বাদ দিয়ে ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এএসপি হামিদুল হক। এবারও বাদী নারাজি দেন। পরে এই মামলার এক আসামি উচ্চ আদালতে যান। আদালত মামলাটির ওপর স্থগিতাদেশ দেন।
অভিযোগপত্র গ্রহণের বিষয়ে মামলার বাদী চৌধুরী ফরমান রেজার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে বাদীর আইনজীবী জাহিদুল ইসলাম তালুকদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার ধার্য দিনে গতকাল সকালে তিনি আদালতে হাজিরার দরখাস্ত দেন। কিন্তু উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি আরও বলেন, অভিযোগপত্রের বিরুদ্ধে দেওয়া নারাজি আবেদনের শুনানি হওয়া উচিত। হাকিম আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ বিষয়ে আবেদন করবেন তাঁরা।
সিআইডি যখন অভিযোগপত্রটি আদালতে জমা দেয়, তখন চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি ছিলেন আবদুস সাত্তার। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, বাদীর এজাহারে কোনো আসামির নাম ছিল না। পুলিশ সন্দেহজনকভাবে অনেককে জিজ্ঞাসাবাদ ও আটক করেছিল। তদন্তে সত্যতা না পাওয়ায় ২৪ জনকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। এ ছাড়া ১৬ জনকে আসামি করেন। তদন্ত কর্মকর্তার সঙ্গে একমত পোষণ করে অভিযোগপত্রটি দাখিলের জন্য রাষ্ট্রপক্ষ থেকে তখন সুপারিশ করা হয়েছিল।
অভিযোগপত্র গ্রহণের বিষয়ে মারুফ নিজাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন।