৯ বছর বসে বসে বেতন পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর আগে বিলুপ্ত হয়েছে সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান ‘ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসা)’। ডেসার স্থলে গঠিত হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। তখন থেকে ডেসার ৫৭০ জন কর্মকর্তা-কর্মচারীকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছে ডিপিডিসি। তাঁদের মধ্যে অন্তত ৩০ জন প্রকৌশলী। প্রতি মাসে এই খাতে কোম্পানির ব্যয় প্রায় ৮ কোটি টাকা।

এই ৫৭০ জনের কোনো কাজ নেই। দপ্তরও নেই। মহাখালীতে তাঁদের বসার জন্য একটা জায়গা আছে, যার নাম ‘ডেসা সেল’। এই সেলের জন্য নিয়মিত দাপ্তরিক সামগ্রীও (স্টেশনারিজ) কেনা হচ্ছে। এই বাবদ প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ৭ লাখ টাকা।

যেকোনো দপ্তরের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের মতো তাঁদেরও কেউ কেউ চাকরির মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন। এ জন্য গত নয় বছরে তাঁদের পেনশন বাবদ ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এ সবই বহন করছে ডিপিডিসি। কিন্তু তাঁদের কোম্পানির কোনো কাজে লাগানো হচ্ছে না। অথচ ডিপিডিসির অনেক পদ খালি আছে।

ডিপিডিসির সূত্র জানায়, যেকোনো বিদ্যুৎ বিতরণ কোম্পানির জন্য ‘স্কাডা (সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন)’ একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোম্পানির আওতাধীন কোন এলাকায় বিতরণ পরিস্থিতি কী, কোন এলাকায় লোডশেডিং হচ্ছে, কোনো এলাকায় বিদ্যুৎবিভ্রাট হচ্ছে কি না, কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কিংবা চালু করতে হবে কি না—এ সবই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় এই স্কাডার মাধ্যমে।

ডিপিডিসির এ রকম একটি স্কাডা রয়েছে পরীবাগে। কিন্তু এটি পরিচালনার মতো প্রকৌশলীর অভাবে সেটি অনেক দিন ধরে বন্ধ রয়েছে। অথচ বিনা কাজে বেতন নেওয়া ৫৭০ জনের মধ্যে স্কাডা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলীও রয়েছেন। তাঁরা কাজও করতে চান। বিদ্যুৎ মন্ত্রণালয়ও তাঁদের আত্তীকরণ করে কাজে লাগানোর অনুমোদন দিয়েছে। তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 

কাহিনিটা কী

২০০৮ সালের জুন মাসে ডেসা বিলুপ্ত করে সরকারি খাতে কোম্পানি আইনের অধীনে গঠন করা হয় ডিপিডিসি। একইভাবে এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভেঙে ডেসা গঠন করা হয়েছিল। উন্নয়ন–সহযোগীদের পরামর্শে সরকার বিদ্যুৎ খাত সংস্কারের অংশ হিসেবে এই সব ভাঙাগড়া করেছে।

ডিপিডিসি গঠন করার সময় ডেসার সব নিয়মিত কর্মকর্তা-কর্মচারীকেই সেখানে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ছিল। এ জন্য নতুন কোম্পানি ডিপিডিসি ডেসার কর্মকর্তা-কর্মচারীদের কাছে আগ্রহপত্র চায় এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই প্রক্রিয়ায় ২০০৮ সালের জুনের মধ্যে নামমাত্র মৌখিক পরীক্ষা নিয়ে প্রায় সাত হাজার লোককে চাকরি দেওয়া হয়।

এরপর ডেসায় দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন—এমন হাজার দেড়েক লোককে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই চাকরি দেওয়া হয়। কিন্তু ৫৭০ জনের চাকরি হয়নি। যদিও তাঁদের অনেকেই ডেসার গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে চাকরি করেছেন। তাঁদের চাকরি না হওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন দুর্নীতির কথা। কিন্তু ডিপিডিসিতে লোক নিয়োগের প্রথম পর্যায়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার অনেক অভিযোগ উঠেছিল।

বিদ্যুৎ খাত সংস্কার কর্মসূচির আওতায় যতগুলো কোম্পানি গঠন করা হয়েছে, তার প্রতিটিতে আগের কোম্পানির সব জনবল আত্তীকরণ করা হয়। পাওয়ার গ্রিড কোম্পানি, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, নর্থ–ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রভৃতি তার উদাহরণ। ডেসা থেকে ডিপিডিসি গঠনের ক্ষেত্রে তা হয়নি। কিন্তু এই ৫৭০ জন সরকারি বিধিবদ্ধ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী হওয়ায় তাঁদের চাকরি চলে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই তাঁরা কাজ না করেও বেতন পাচ্ছেন। এই বেতন আবার দিচ্ছে ডিপিডিসিই।

এভাবে বেতন চান না

তথাকথিত ডেসা সেলের এই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই প্রথম আলোকে বলেছেন, এভাবে কাজ ছাড়া বেতন তাঁরা নিতে চান না। আজ নিয়োগ দেওয়া হলে আজ থেকেই তাঁরা কাজে যোগ দেবেন। তাঁরা বলেন, এই যে বসে বসে বেতন নিচ্ছেন, এটা মোটেই মর্যাদার বিষয় নয়। তিন মাস পরপর ডিপিডিসি ও মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তাঁদের বেতন হয়। অন্য কোনো ভাতা তাঁরা পান না। পদোন্নতির কোনো সুযোগও তাঁদের নেই। তাঁরা এর অবসান চান।

এঁদের মধ্যে ছয়জন ইতিমধ্যে আদালতের রায় নিয়ে ডিপিডিসিতে যোগ দিয়েছেন। আরও ১২৭ জনকে আত্তীকরণ করার জন্য মন্ত্রণালয় সুপারিশ করে ডিপিডিসির কাছে পাঠিয়েছে। তারপরও এঁদের নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন শর্ত আরোপ করে আগ্রহপত্র চাওয়া হয়েছে।

জানতে চাইলে ডিপিডিসির সচিব জয়ন্ত কুমার শিকদার প্রথম আলোকে বলেন, ‘এসব কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রণালয় যখন যেভাবে তথ্য চাচ্ছে, সেভাবে তৈরি করে দিচ্ছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’