৯ বছরেও সংস্কার হয়নি সেতু

জামালপুরের মেলান্দহ উপজেলার আমিত্তী গ্রামের কাটাখালী নদীর ওপর নির্মিত সেতু ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে ১৪ গ্রামের মানুষ। গ্রামবাসীর চাঁদায় ফসলি জমি ইজারা নিয়ে বিকল্প রাস্তা বানিয়ে চলাচল করছেন এসব গ্রামবাসী। তবে বর্ষায় এই রাস্তা ডুবে যায়। তখন নৌকাতেই চলাচল করতে তাঁদের। নয় বছর ধরে চলছে এ অবস্থা।
সরেজমিনে গত বুধবার দুপুরে দেখা যায়, সেতুটির পূর্ব পাশের তিনটি গার্ডার ভেঙে পানিতে তলিয়ে গেছে। পশ্চিম পাশের মাটি সরে গেছে। দীর্ঘদিনেও সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় সেতুর বিমগুলোরও ভঙ্গুর দশা। গ্রামবাসী নদীর পাশ ঘেঁষে বালু ফেলে তৈরি একটি রাস্তা দিয়ে চলাচল করছেন। রাস্তাটি বালুর হওয়ায় মোটর–সাইকেল, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল ছাড়া কোনো যানবাহন চলাচল করে না। তাও বালুর কারণে গ্রামবাসীকে দুর্ভোগে পড়তে হয়। আর বর্ষার সময় নৌকাতেই নদী পারাপার হতে হয়। কাটাখালী নদীর ওপরের সেতুটি দিয়ে পূর্ব পাশের খায়েরপাড়া, পাঠানপাড়া, তালুকপাড়া, বেলতৈল, বাগবাড়ী, মানকি, ভাবকি এবং পশ্চিম পাশের আমিত্তী, সগুনা, গুনারিতলা, চারুলকান্দা, বীর সগুনা, জোনাইল ও জোরখালী গ্রামের মানুষ চলাচল করত।
আমিত্তী গ্রামের মাসুদ রানা বলেন, ‘সেতুটি নির্মাণের পর ছয় থেকে সাত বছর লোকজন পারাপার হয়েছেন। তারপর বন্যায় প্রথমে সেতুর পূর্ব পাশের একটি অংশ দেবে গিয়েছিল। সেটা আর মেরামত করা হয়নি। পরের বছর বন্যায় তিনটি বিমসহ সেতুটি নদীতে দেবে যায়। এরপর থেকে বর্ষায় নৌকা আর শুকনা মৌসুমে চলাচলের জন্য নদীটির পাশ দিয়ে একটি রাস্তা করা হয়েছে। গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে রাস্তার জমি ইজারা নেওয়া হয়েছে। প্রতি মাসে গ্রামের লোকজন মাথাপিছু ৫০০ টাকা করে চাঁদা দিয়ে ওই ইজারার টাকার জোগান দেন। এতে গ্রামবাসী ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন।’
আমিত্তী গ্রামের শাহ আলম বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় আমাদের সমস্যার শেষ নেই। শত শত কৃষক তাঁদের ফসল বাজারে নিতে সমস্যায় পড়েন। বালুর রাস্তা হওয়ায় তেমন কোনো যানবাহনও চলাচল করে না। বেশি ভাড়া দিয়ে ঘোড়ার গাড়িতে করে কৃষিপণ্য বাজারে নিতে হয়। এই সেতু পার হয়ে ওই সব গ্রামের লোকজন সদর উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতেন।’
বেলতৈল গ্রামের আবদুল খালেক বলেন, ‘ওপারের গ্রামগুলোর ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী উপজেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। মানুষের খেতের মধ্য দিয়ে তাদের চলাচল করতে হয়। এতে অনেকে বাধা দিত। পরে গ্রামবাসী বাধ্য হয়ে চাঁদা তুলে ওই সব খেতের জমি ইজারা নেয়। যানবাহন চলাচল না করায় অনেক সময় দীর্ঘ পথ হাঁটতে হয়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মেলান্দহ কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালে খায়েরপাড়া-সগুনা রাস্তার কাটাখালী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৯৫ মিটার ও প্রস্থ ৫ মিটার। ২০০৭ সালের দিকে বন্যায় সেতুটি ভেঙে পড়ে।
মেলান্দহ উপজেলা প্রকৌশলী শফিকুর ইসলাম বলেন, ‘সেতুটি অনেক আগেই ভেঙে গেছে। ভেঙে যাওয়া সেতুটি সংস্কারের সুযোগ নেই। সেখানে একটি নতুন সেতু নির্মাণ প্রয়োজন। তাই মাস ছয়েক আগে নতুন একটি সেতু নির্মাণের প্রস্তাব এলজিইডির ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই প্রস্তাব অনুমোদন হলে সেখানে নতুন সেতু করা হবে।’