৯ বছরের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির বয়স নয় বছর। চতুর্থ শ্রেণিতে পড়ে। অথচ পুলিশের কাজে বাধা এবং পুলিশকে আঘাত করে গুরুতর আহত করার একটি মামলার অভিযোগপত্রে আসামি করা হয়েছে ছোট্ট এই শিশুকে। তার বয়স উল্লেখ করা হয়েছে ২৪ বছর।

শিশুটির বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে। জামিনের জন্য গতকাল মঙ্গলবার মা-বাবার সঙ্গে সুনামগঞ্জের আদালতে হাজির হয়েছিল সে। সুনামগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার ওই শিশুর জামিন মঞ্জুর করেন এবং মামলার তদন্ত কর্মকর্তাকে ১৫ জুনের মধ্যে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৬ জুলাই সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে রথযাত্রা অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়। এর মধ্যে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অনির্বাণ বিশ্বাস বাদী হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং হামলা করে গুরুতর আহত করার অভিযোগে সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলার তদন্ত করেন থানার এসআই অভিজিৎ সিংহ। তিনি গত ২০ মার্চ আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে ছাতক উপজেলার ওই শিশুটিকেও আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর প্রকাশ্যে ও গোপনে মামলাটি তদন্ত করেছেন। সব আসামির নাম, ঠিকানা যাচাই-বাছাই করেছেন। গ্রেপ্তারের চেষ্টা করেছেন।

গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে শিশুটির বাবা বলেন, তিনি হিন্দু সম্প্রদায়ের একটি সংগঠনের স্থানীয় নেতা। সংগঠনের জগন্নাথপুর উপজেলা শাখার আমন্ত্রণে ওই দিন তিনি স্ত্রী-সন্তানসহ সেখানে রথযাত্রায় যোগ দিতে যান। কিন্তু রথযাত্রা শুরু হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর তাঁরা ছাতকে চলে আসেন। ১৫ দিন আগে জগন্নাথপুর থেকে তাঁকে জানানো হয়, পুলিশের মামলায় তাঁর ছেলেকে আসামি হয়েছে।

শিশুটির বাবা বলেন, ‘কারা কেন সেদিন মারামারি করল, আমরা এর কিছুই জানি না। এখন জানলাম, আমার ছেলে পুলিশকে মারছে। অথচ সে নিজেই ইটের আঘাতে আহত হয়েছিল সেদিন।’ শিশুটির মা বলেন, ‘পুলিশ এই কাজটা কীভাবে করল। তারা কি কোনো খোঁজখবর না করেই কোর্টে রিপোর্ট দেয়?’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অভিজিৎ সিংহ বিষয়টি শুনে নিজেই অবাক হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমনটা তো হওয়ার কথা না। আমি তো নানাজনের সঙ্গে কথা বলেই এই নামটা পেয়েছিলাম। এলাকার মানুষও বলছে, সে ঘটনার সময় ছিল। তার বাড়ি জগন্নাথপুরে নয়; ছাতকে।’ আসামির বয়স নয় বছর—জানালে এসআই বলেন, ‘এখন কী বলব বুঝতে পারছি না।’ এর বেশি আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।