৯ বন কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে তিনটি বাঘের বাচ্চা পাচারের ঘটনায় দুই বন কর্মকর্তা ও সাত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাঘের বাচ্চা পাচারের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন ফাঁড়ির ডেপুটি রেঞ্জার মো. আলাউদ্দীন, সহকারী স্টেশন কর্মকর্তা সোহরাব আলী, ফরেস্ট গার্ড আমিনুর রহমান, মিজানুর রহমান, আবদুর রাজ্জাক, বোটম্যান মির্জা শহিদুল, নেছার, ফরিদ, হাফিজ। গত ২৮ আগস্ট প্রধান বন সংরক্ষক এই বরখাস্তের নির্দেশ দেন।তদন্ত কমিটির প্রধান ও বন সংরক্ষক (খুলনা অঞ্চল) আকবর হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান বন সংরক্ষকের নির্দেশে নয়জনের সাময়িক বরখাস্তের চিঠি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। গত ১১ জুন ঢাকার শ্যামলীর এক বাসা থেকে র‌্যাব সদস্যরা তিনটি বাঘের বাচ্চা উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর বন বিভাগের পক্ষ থেকে কৈখালী স্টেশন কর্মকর্তা আলাউদ্দীন বাদী হয়ে সাত পাচারকারীসহ অজ্ঞাত কয়েকজনের নামে বন আইনে মামলা করেন। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হলে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।