৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত নয়জন বাংলাদেশিকে গতকাল রোববার বিডিআরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে বিএসএফ ও বিডিআরের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাঁদের হস্তান্তর করা হয়।দিনাজপুর ২ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর মুনতাসীর বলেন, কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর নয়জন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে।বিডিআর সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কারুয়া ফতেহপুর গ্রামের মো. করিম (৪৫), একই উপজেলার কাশুয়া গ্রামের মো. ইসলাম (৩৮), সদর উপজেলার ভাউলার হাট গ্রামের পবেন সিং বর্মণ (৫৮) ও তাঁর স্ত্রী আশা সিং বর্মণ (৫০) এবং তাঁদের ছেলে বলরাম সিং (৮) ও সবুজ সিং (৬), একই উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের সুধীর বর্মণ (৫৫), হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের যাদব বর্মণ (৪৭) ও বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী হরিপুর গ্রামের রবিন চন্দ্র পালকে (৪৩) হস্তান্তর করা হয়। তাঁদের পীরগঞ্জ থানার পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়েছে।ফেরত আসা বাংলাদেশিরা জানান, ২০০৭ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে তাঁরা রানীশংকৈল উপজেলার মরাধর ও বালিয়াডাঙ্গি উপজেলার সোনামতি ও স্কুলের হাট সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েন।পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে উপস্থিত ছিলেন ২ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইফতেখার আহমেদ কোরাইশী, অপারেশন কর্মকর্তা মেজর মুনতাসীর, ফকিরগঞ্জ কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুর রহমান ও দানাজপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার চান মিয়া। বিএসএফের পক্ষে ছিলেন ভারতের রায়গঞ্জ ১২০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাতু বিনহা, মালন সদর কোম্পানি কমান্ডার কে কে সিং ও হেমতাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ঘোষ।