ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে তাঁকে হয়রানি করায় গভীর উদ্বেগ জানিয়েছেন দেশের নয়জন বিশিষ্ট নাগরিক। এ ছাড়া সাহিত্য ও মত প্রকাশ-বিষয়ক আন্তর্জাতিক সংগঠন পেন (পিইএন), মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রসহ (আসক) বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানিসহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা ও সমন জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অধ্যাপক আনিসুজ্জামান, সুলতানা কামাল, ডা. সারওয়ার আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আয়শা খানম, জিয়া উদ্দিন তারেক আলী, আবুল হাসনাত ও অধ্যাপক এম এম আকাশ।
এ বিষয়ে গতকাল বুধবার অধ্যাপক আনিসুজ্জামানের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে বিভিন্ন জেলায় সাংবাদিক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৫০টির বেশি মানহানির মামলা করা হয়েছে এবং সমন জারি করা হয়েছে। এতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাংবাদিকতার নীতিনৈতিকতা মেনে বিশেষ পরিস্থিতিতে প্রকাশিত সংবাদের বিষয়ে ভুল স্বীকার করার মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে গেলে বাক্স্বাধীনতার জগতে এক উন্নত সংস্কৃতির নজির হতে পারত। কিন্তু জেলায় জেলায় তাঁর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের ঢালাও অভিযোগ এনে এত মামলা করায় বিষয়টি হয়রানির পর্যায়ে চলে গেছে। এটি একটি গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদপত্রসহ নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অবস্থান অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল চক্রকে তাদের দুরভিসন্ধিমূলক অপপ্রয়াস চালানোর সুযোগ করে দিতে পারে বলে আমরা আশঙ্কা করি। সরকার, গণমাধ্যম ও নাগরিক সমাজকে স্ব স্ব ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল হয়ে এ ধরনের অবস্থা মোকাবিলা করতে হবে। সাংবাদিক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে চলমান হয়রানিমূলক পরিস্থিতি আর যেন অগ্রসর না হয় সে মতো ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি।
আসকের উদ্বেগ: এদিকে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা ও সমন জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এ ধরনের আইনি প্রক্রিয়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য মোটেও ইতিবাচক নয়। এতে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া গতকাল আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা একের পর এক ‘হয়রানিমূলক’ মামলার তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিদাতারা হলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান, সিএলএনবির চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ডা. সামছুল আলম, সেইভ হিউম্যান অ্যান্ড পিস অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক হানিফ, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মো. নেয়ামত উল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তি দাবি করা হয়।
প্রথম আলোর বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, গতকাল ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকেরা মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের মুক্তিও দাবি করেন তাঁরা।
পেনের উদ্বেগ: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পেন ইন্টারন্যাশনাল ও পেন বাংলাদেশ। বিশ্বব্যাপী সাহিত্য ও মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, কঠিন পরিস্থিতিতে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পক্ষপাতমুক্ত সাংবাদিকতার দীর্ঘ ইতিহাস রয়েছে মাহ্ফুজ আনামের। বর্তমানে বাংলাদেশে সংবাদমাধ্যম চাপের মধ্যে আছে। সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিকেরা নিরপেক্ষ গণমাধ্যমের ওপরে সম্মিলিতভাবে আক্রমণ করে যাচ্ছেন। পেনের পক্ষে সংগঠনের রাইটার্স ইন প্রিজন কমিটির চেয়ারম্যান সলিল ত্রিপাঠি ওই বিবৃতিতে আরও বলেন, অবশ্যই যাঁরা মানহানি হয়েছে বলে মনে করেন, তাঁরা দেওয়ানি মামলার মাধ্যমে প্রতিকার চাইতে পারেন। কিন্তু মানহানির বিষয়টি কখনোই অপরাধ নয়। তাই রাষ্ট্রকে অবশ্যই মাহ্ফুজ আনামের অধিকার সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। ওই বিবৃতিতে মানহানি-সংক্রান্ত ফৌজদারি আইনগুলো বাতিল করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পেন ইন্টারন্যাশনাল।