৯ বিশ্ববিদ্যালয়ের ৬৩ শাখা ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি শাখা ক্যাম্পাসের তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ২৯টি দারুল ইহসান ও ১৬টি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের।
গতকাল রোববার ইউজিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
উচ্চ আদালতের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শাখা (আউটার) ক্যাম্পাস বন্ধ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এখন এগুলো বন্ধের সিদ্ধান্ত কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
ইউজিসির চেয়ারম্যান বলেছেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ২৯টি শাখা ক্যাম্পাস আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছিল। এর বাইরেও বিশ্ববিদ্যালয়টি আরও অসংখ্য শাখা ক্যাম্পাস খুলেছে।
ইউজিসি বলেছে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির দুটি শাখা ক্যাম্পাস চট্টগ্রামের ওআর নিজাম রোড এবং বায়েজিদ বোস্তামী রোডে অবস্থিত। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শাখা ক্যাম্পাস চট্টগ্রামের বহদ্দারহাট, কর্ণফুলী ভবন, কেয়ারি শপিং মলের পেছনের বর্ধিত ভবন, গুলজার টাওয়ারের বিপরীত পাশে ও চট্টেশ্বরী রোডে অবস্থিত।
সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাতটি ক্যাম্পাস ঢাকার উত্তরা, সাতমসজিদ রোড, রংপুরের কারমাইকেল কলেজ রোড (লালবাগ), খুলনার বয়রা, কুষ্টিয়ার মজমপুর, চট্টগ্রামের ওআর নিজাম রোড এবং চকবাজারের গুলজার টাওয়ারে অবস্থিত। আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস ফার্মগেটের বিটিআই ভবন, আসাদ অ্যাভিনিউ, নয়াপল্টন, সাতমসজিদ রোড, তেজগাঁও শিল্প এলাকা, তোপখানা রোড, দারুস সালাম রোড, উত্তরা, যাত্রাবাড়ী চৌরাস্তা, গুলশানের বাড্ডা লিংক রোড, বনানী, রায় সাহেব রোড, পূর্ব কাজীপাড়া, গাজীপুর চৌরাস্তা, বগুড়ার তিন মাথা ও রাজশাহীর তালাইমারীতে অবস্থিত।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-চিটাগাংয়ের একটি শাখা ঢাকার ধানমন্ডিতে, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের চট্টগ্রামে ও কুইন্স ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাস রয়েছে।