৯ বিশ্ববিদ্যালয়ের ৬৩ শাখা ক্যাম্পাস: ইউজিসি
দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি শাখা ক্যাম্পাসের তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে ২৯টিই দারুল ইহসান ও ১৬টি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির।
আজ রোববার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সংবাদ সম্মেলন অন্য বিষয়ে ডাকা হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ উঠে আসে। সংবাদ সম্মেলনের পর ইউজিসি থেকে শাখা ক্যাম্পাসের নাম-ঠিকানাসহ একটি তালিকাও দেওয়া হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শাখা (আউটার) ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, এখন এগুলো বন্ধের সিদ্ধান্ত কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ২৯টি শাখা ক্যাম্পাস আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছিল। এর বাইরেও এই বিশ্ববিদ্যালয়টি আরও অসংখ্য শাখা ক্যাম্পাস খুলেছে।
ইউজিসি জানিয়েছে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির দুটি শাখা ক্যাম্পাস চট্টগ্রামের ওআর নিজাম রোড এবং বায়েজিদ বোস্তামি রোডে অবস্থিত। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শাখা ক্যাম্পাস চট্টগ্রামের বহদ্দারহাট, কর্ণফুলী ভবন, কেয়ারি শপিং মলের পেছনে অবস্থিত বর্ধিত ভবন, গুলজার টাওয়ারের বিপরীত পাশে ও চট্টেশ্বরী রোডে অবস্থিত।
সাউদার্ন ইউনিভার্সিটির অব বাংলাদেশের সাতটি ক্যাম্পাস ঢাকার উত্তরায়, সাত মসজিদ রোড, রংপুরের কারমাইকেল কলেজ রোড (লালবাগ), খুলনার বয়রা, কুষ্টিয়ার মজমপুর, চট্টগ্রামের ওআর নিজাম রোড এবং চকবাজারের গুলজার টাওয়ারে অবস্থিত।
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ১৬টি শাখা ক্যাম্পাস রয়েছে বলে জানিয়ে ইউজিসি। এগুলো ফার্মগেটের বিটিআই ভবন, আসাদ অ্যাভিনিউ, নয়াপল্টন, সাত মসজিদ রোড, তেজগাঁও শিল্প এলাকা, তোপখানা রোড, দারুস সালাম রোড, উত্তরা, যাত্রাবাড়ী চৌরাস্তা, গুলশানের বাড্ডা লিংক রোড, বনানী, পুরোনো ঢাকার রায় সাহেব রোড, পূর্ব কাজীপাড়া, গাজীপুর চৌরাস্তা, বগুড়ার রেলগেটের তিন মাথা ও রাজশাহীর তালাইমারিতে অবস্থিত।
এ ছাড়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-চিটাগাংয়ের একটি শাখা ঢাকার ধানমন্ডিতে, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের চট্টগ্রামে ও কুইন্স ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাস রয়েছে। তালিকায় নর্দান ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ থেকে ফোন করে প্রথম আলোকে জানিয়েছে, রাজশাহীর ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, এর বাইরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১৯টি শাখা ক্যাম্পাস বন্ধ করা হয়েছে।
নিজস্ব ক্যাম্পাসে ১৫ বিশ্ববিদ্যালয়
বর্তমানে দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসি জানিয়েছে, এখন পর্যন্ত আইন অনুযায়ী নিজস্ব ক্যাম্পাসে গেছে ১৫টি বিশ্ববিদ্যালয়। তিনটি ফাউন্ডেশনের জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করেছে। আইনানুযায়ী নির্ধারিত পরিমাণ জমিতে আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ১৬টি এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করছে ৩৯টি। এ ছাড়া চারটি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ পেয়েছে। বাকিগুলো নতুন বিশ্ববিদ্যালয়।