৯ বিষয়ে শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে শিক্ষকের পদ আছে ২৯টি। এর মধ্যে ২১টি পদই শূন্য। এ ছাড়া ৯টি বিষয়ের কোনো শিক্ষক নেই। এতে কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে।

কলেজ সূত্র জানায়, লক্ষ্মীপুরের একমাত্র মহিলা কলেজটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। সে সময় শিক্ষকদের যেসব পদ সৃষ্টি করা হয়, তারপর আর নতুন কোনো পদ সৃষ্টি করা হয়নি। বর্তমানে কলেজটিতে একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিষয়ে প্রায় দুই হাজার ছাত্রী লেখাপড়া করছে।

কলেজ সূত্র জানায়, কলেজে সহকারী অধ্যাপকের একটি ও প্রভাষকের পদ আছে ২৮টি। এর মধ্যে ২১টি পদ ২০১৪ সালের জুলাই মাস থেকে শূন্য। বর্তমানে নয়জন অতিথি শিক্ষক দিয়ে কোনো রকমে শ্রেণির কার্যক্রম চালানো হচ্ছে।

কলেজ সূত্র জানায়, ইংরেজি বিষয়ে প্রভাষকের একটি, রাষ্ট্রবিজ্ঞানে তিনটি, দর্শনে দুটি, হিসাববিজ্ঞানে দুটি, ব্যবস্থাপনায় তিনটি, পরিসংখ্যানে একটি, পদার্থবিজ্ঞানে একটি, রসায়নবিজ্ঞানে একটি ও গণিতে একটি পদ আছে। কিন্তু এসব বিষয়ে একজন শিক্ষকও নেই। এ ছাড়া কলেজে বাংলায় প্রভাষকের দুটি পদের মধ্যে একটি, অর্থনীতির দুটি পদের মধ্যে একটি, সমাজবিজ্ঞানের দুটি পদের মধ্যে একটি, ইসলামি শিক্ষা বিষয়ে দুটি পদের মধ্যে একটি, ইতিহাসের দুটি পদের মধ্যে একটি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দুটি পদের মধ্যে একটি শূন্য।

কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাবিহা সুলতানাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বলে, কলেজে নিয়মিত ক্লাস হয় না। স্নাতক প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষক সংকটের কারণে তাঁদের ক্লাস হয় না। তাই তিনি কলেজেই যান না।

শিক্ষকের শূন্য পদ পূরণের দাবিতে গত ১৪ আগস্ট ছাত্রীরা লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক অবরোধ করে। একই দিন কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও উপাধ্যক্ষ মো. সফিকুল আলমের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, শিক্ষক সংকটের কারণে পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। অতিথি শিক্ষক দিয়ে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষক সংকটের কারণে কলেজের ছাত্রীদের ফলাফলও খারাপ হচ্ছে। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল মাত্র ৩৬ শতাংশ। তিনি বলেন, শিক্ষক সংকটের বিষয়ে শিক্ষাসচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর অনেকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান এখনো হয়নি।