৯ মাস ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
বিষ প্রয়োগে হত্যার অভিযোগের ৯ মাস ১২ দিন পর এস এম শাহেতাজুল কবীর (৩২) নামে এক ব্র্যাককর্মীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদের উপস্থিতিতে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই লাশ উত্তোলন করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ জুন চিরিরবন্দরের কালীগঞ্জের দামইর গ্রামের এস এম শাহেতাজুল কবীরের সঙ্গে রংপুরের বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর মণ্ডলপাড়া গ্রামের আবদুর রউফের মেয়ে রওশনারা বেগমের (২৫) বিয়ে হয়।
শাহেতাজুল রংপুরের গঙ্গাচড়া উপজেলা ব্র্যাক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ওই উপজেলার এসআর পাড়ার এক ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। বিয়ের পর রওশনারা তাঁর দূরসম্পর্কের ফুফাতো ভাই জামান মিয়ার (৩২) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ কারণে পরিকল্পিতভাবে গত বছরের ২৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে শাহেতাজুলকে খাওয়ান রওশনারা ও জামান। এতে তিনি অসুস্থ হয়ে বুকে ব্যথাসহ বমি করা শুরু করলে রওশনারা ও জামান তাঁকে রাত দেড়টার দিকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে শাহেতাজুল মারা যান।
পরে চলতি বছরের ১০ জানুয়ারি শাহেতাজুলকে হত্যার অভিযোগ এনে তাঁর বড় ভাই শাহিনুর কবীর বাদী হয়ে রওশনারা ও জামানকে
আসামি করে গঙ্গাচড়া বিচারিক হাকিম আমলি আদালতে অভিযোগ দেন। এরপর অভিযোগটি আদালতের নির্দেশে গঙ্গাচড়া থানায় চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের উপপরিদর্শক মোস্তফা কামাল।
গতকাল কবর থেকে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পিবিআই রংপুরের পরিদর্শক এ টি এম গোলাম রসুল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক আবদুস সালাম প্রমুখ।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আসামিরা পলাতক রয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।