৯ মাসে এডিপির বাস্তবায়ন অগ্রগতি ৪৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি ৪৩ শতাংশ। এডিপিতে ১ হাজার ৪৫৩টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ আছে ৭৭ হাজার ৮৪২ কোটি টাকা।
জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান। সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের কারাগারে মিয়ানমারের ২৩৭ জন নাগরিক আটক রয়েছেন। সব মিলিয়ে দেশের কারাগারে বিভিন্ন দেশের ৫১০ নাগরিক বন্দী রয়েছেন।
হাবিবর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পুলিশ বিভাগের জনবল ও চাহিদার তুলনায় যানবাহনের সংখ্যা কম। আওয়ামী লীগের মিজানুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, খুলনা জেলার সঙ্গে ভারতের সীমান্ত না থাকলেও পাশের জেলা যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে কমিউটার ট্রেনের মাধ্যমে অবৈধ মাদকের অনুপ্রবেশ ঘটছে। সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় পাচার করা অবৈধ মাদকদ্রব্য দেশের অন্যান্য জেলায় পাঠানোর ক্ষেত্রে খুলনা জেলা রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।