৯ মাসে ১৩৮ কর্মকর্তা ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের গত ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। 

নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এ-সম্পর্কিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে সচিব এক, অতিরিক্ত সচিব ১৪, যুগ্ম সচিব ৪১, উপসচিব ২২, সিনিয়র সহকারী সচিব ৫০ এবং সহকারী সচিব ১০ জন। তিনি জানান, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়।
সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত পাঁচজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে পাঠানো টাকা আত্মসাতের দায়ে ৬ জনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় মামলা দায়ের করেছিল। মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ মামলার ছয় আসামির মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মমিনুর রহমান, কাজী সলিমুল হক ওরফে ইকোনো কামাল, শরফুদ্দিন আহম্মেদ ও কামাল উদ্দিন সিদ্দিকী।