৯ মিলিমিটার বৃষ্টিতে যানজট
সময়ের হিসাব-নিকাশে বর্ষাকাল এখনো আসেনি। গতকাল শনিবার ছিল ১৪ জ্যৈষ্ঠ। আষাঢ় মাস আসতে ১৬ দিন বাকি। এরই মধ্যে বৃষ্টিমুখর হয়ে পড়েছে সারা দেশ। দেশের প্রায় সব এলাকাতেই কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সময় যত যাচ্ছে, এর মাত্রা আরও বাড়ছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার। এরপর বৃষ্টি না হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
তবে এই ৯ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে যায় ফকিরাপুল, সোনারগাঁও রেলক্রসিং, নিউমার্কেট, তালতলা, মিরপুরসহ রাজধানীর কয়েকটি এলাকা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোরবেলায় রাজধানীতে সামান্য পরিমাণে বৃষ্টি শুরু হয়। গত শুক্রবার ভোর ছয়টা থেকে গতকাল ছয়টা পর্যন্ত মাত্র ৪ মিলিমিটার বৃষ্টি হয় ঢাকা শহরে। তবে সকাল নয়টার পর বৃষ্টির দাপট বেড়ে যায়।
সকালের এই বৃষ্টির কারণে সাপ্তাহিক ছুটির দিনেও বেশ কিছু এলাকায় যানজট দেখা যায়। কল্যাণপুর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বাসে ওঠেন শামসুর রহমান নামের এক ব্যক্তি। গন্তব্য নিউমার্কেটে পৌঁছাতে তাঁর সময় চলে যায় প্রায় আড়াই ঘণ্টা। এর মধ্যে কলাবাগান মোড়ে আসতে সময় লেগেছে এক ঘণ্টারও বেশি সময়।
শামসুর রহমান বলেন, ঘণ্টা কয়েকের বৃষ্টিতেই ঢাকার এই করুণ দশা। সামনে আসছে রমজান মাস। তখন কর্মব্যস্ত দিনে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি তো আরও খারাপ হবে!
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থান করছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে এটি বাংলাদেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। তখন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে।
বৃষ্টির প্রভাবে গরমও বেশ কমে এসেছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।