৯ শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের পাশের সোনালি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার শিবিরকর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের রফিকুল ইসলাম ও আজিজুল হক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সাব্বির আহমদ, বাংলা বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের রহমতউল্লাহ ও দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের সেলিম আহমদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের আবু হাসনাত মোস্তফা। এ ছাড়া শাহ আলম, আলমগীর কবির ও শিহাব উদ্দিন নামের তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই শ্যামল বণিক জানান, গ্রেপ্তার শিবিরকর্মীদের কাছ থেকে শিবিরের বিভিন্ন বই, প্রচারপত্র ও ফেস্টুন উদ্ধার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে ‘শিবির ক্যাডারদের’ হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের কর্মী রুহুল আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী।
ছাত্রশিবিরের বিবৃতি: শুক্রবার রাতে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করার সঙ্গে ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।