রাজধানীর বনশ্রী থেকে ১০ শিশু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা চার ব্যক্তিকে গতকাল রোববার দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া নয় শিশুকে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে পুলিশ।
রামপুরা থানার পুলিশ বলেছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় গ্রেপ্তার করা আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলমকে গতকাল সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাঁদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে আসামিপক্ষও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে মোবারক হোসেনের আরজির ভিত্তিতে আদালত তাকে পরিবারের কাছে ফেরত দেন। এর আগে আদালত মোবারকের জবানবন্দি লিপিবদ্ধ করেন। বাকি নয় শিশুকে গাজীপুরের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।
শিশু মোবারককে জোর করে ছয় মাস ধরে বনশ্রীর একটি বাসায় আটকে রাখার অভিযোগে গত শনিবার তার চাচা মনির হোসেন বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নারীসহ চারজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার প্রথম আলোকে বলেন, আদালতে পাঠানোর আগ পর্যন্ত নয় পথশিশুকে শনাক্ত করতে তাদের স্বজনদের কেউ থানায় আসেনি।
পুলিশ গত শনিবার দুপুরে বনশ্রী এলাকার সি ব্লকের একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে।