৯ সরকারি হাসপাতালে রাতেও বহির্বিভাগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নয়টি হাসপাতালে বিকেলে বহির্বিভাগ চালু কেরছে সরকার। এসব হাসপাতালে রাত আটটা পর্যন্ত মানুষ সেবা পাবে। পর্যায়ক্রমে আরও সরকারি হাসপাতালে এই সেবা চালু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল সোমবার থেকে এই বৈকালিক সেবা চালু হয়েছে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মানিকগঞ্জ সদর হাসপাতালে আজ এই সেবা চালু হবে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি, অর্থোপেডিক ও নাক-কান-গলা বিভাগে নিয়মিত অস্ত্রোপচার করা হবে রাত আটটা পর্যন্ত।
এসব হাসপাতালে গত ২৫ এপ্রিল চিঠি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. শামিউল ইসলাম। এতে বলা হয়েছে, বহির্বিভাগ বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে; বিদ্যমান জনবল, ওষুধ ও আর্থিক বরাদ্দ নিয়েই প্রাথমিকভাবে এই সেবা চালু রাখতে হবে এবং বিকেলে সেবা দেওয়ার ক্ষেত্রে মেডিসিন, শিশু ও প্রসূতি-সেবা প্রতিদিনই চালু রাখতে হবে।
এ ব্যাপারে মো. শামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বহু দিনের চর্চায় দেখা গেছে, শ্রমিকেরা সরকারি হাসপাতালের সেবা তেমন নিতে পারেন না। শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন। তাঁরা যখন ছুটি পান, তখন হাসপাতাল বন্ধ হয়ে যায়। তাই যেসব এলাকায় শ্রমিক বেশি, সেখানে হাসপাতালে বৈকালিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
গতকাল বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা বিভিন্ন হাসপাতালে গিয়ে এই সেবার উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ধামরাইয়ে চিকিৎসকের ঘাটতি নেই। তবে পরিচ্ছন্নতাকর্মী ও প্রহরীর ঘাটতি আছে।
প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে বহির্বিভাগ চালু পাননি। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেছেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে এই সেবা চালু হবে।