চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে চক্রান্তের প্রতিবাদে ৯ সেপ্টেম্বর লালদীঘি ময়দানে সমাবেশ ডেকেছেন মহিউদ্দিন চৌধুরী। এই সমাবেশ থেকে বন্দর রক্ষা আন্দোলনের চরম কর্মসূচি ঘোষণা করা হবে। তবে বন্দরের কার্যক্রম বন্ধ করার মতো কোনো কর্মসূচি দেওয়া হবে না।গতকাল শনিবার চট্টগ্রামের লেডিস ক্লাবে বন্দর রক্ষা পরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।প্রসঙ্গত, এনসিটির দরপত্রে শর্ত সংশোধন করে সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ এনে মহিউদ্দিন চৌধুরী গত মঙ্গলবার আন্দোলনে নামার ঘোষণা দেন।গত বৃহস্পতিবার ৫৮২ কোটি টাকার এ টার্মিনাল পরিচালনার দরপত্রে পাঁচটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। গতকালের বৈঠকে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘লালদীঘির সমাবেশের আগে পেশাজীবীদের মতামত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিয়ে বন্দর পরিচালনা করুন।’সমাবেশে বন্দর ব্যবহারকারী বিজিএমইএর প্রতিনিধি সাজেদুল ইসলাম, বিকেএমইএর প্রতিনিধি শওকত ওসমান, বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম, বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতি মো. ইব্রাহিম, বন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি জহুর আহমদ বক্তব্য দেন।বৈঠকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ন্যাপ, বাংলাদেশের সাম্যবাদী দল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন এবং ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানও অংশ নেন। উল্লেখ্য, প্রথমে এ সমাবেশ ৮ সেপ্টেম্বর করার ঘোষণা দেওয়া হয়েছিল।