সরকারি হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে মোট ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ১২৫ জনের ফল স্থগিত আছে। গতকাল রোববার এই ফল প্রকাশ করা হয়।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের ৫ মাস ৬ দিনের মধ্যে চূড়ান্ত নিয়োগের এই সুপারিশ করা হলো। নিয়োগ দ্রুত করতে আমরা ২৯ কার্যদিবসে ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছি। এটা বিশাল কর্মযজ্ঞ ছিল। এর পাশাপাশি বিসিএসসহ পিএসসির অন্যান্য কার্যক্রমও চলেছে।’
এ বছরের ২৮ মার্চ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের শেষ সময় ছিল ২৮ এপ্রিল। মোট আবেদন করেছিলেন ১৮ হাজার ৬৩ জন। গত ৩ জুন ছিল প্রাথমিক বাছাই পর্ব পরীক্ষা। এতে ১১ হাজার ৪৩০ জন অংশ নেন। উত্তীর্ণ হন ১১ হাজার ৯৫ জন। তাঁদের মধ্যে থেকে ৯ হাজার ৪৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হলো। এ ছাড়া ১২৫ জনের ফল স্থগিত আছে। নিয়োগের সুপারিশ করা নার্সদের মধ্যে ৯৬১ জন বিএসসি নার্স আর বাকিরা ডিপ্লোমা।
সম্প্রতি নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে। তবে লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শুধু প্রাথমিক বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হলো। এই নিয়োগের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে নার্স সংকট দূর হবে বলে আশা করছে সরকার।