৯ 'রত্নগর্ভা মা' ও ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা
গীতিকার কবির বকুলের মা নাজমা আক্তারসহ বৃহত্তর কুমিল্লার নয়জন ‘রত্নগর্ভা মা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে গত রোববার বেলা ১১টায় বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
রত্নগর্ভা অন্য মায়েরা হচ্ছেন কুমিল্লার ফাতেমা বেগম, পিয়ারা বেগম, শাহেদা বেগম, শেফালী সাহা ও ঝর্না রানী সরকার। ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসমিন আহমেদ, ফাতেমা আক্তার ও বেগম রওশন জাহান।
একই সঙ্গে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ২০১৩ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট, পদক ও সনদ তুলে দেন।
এর আগে ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, গীতিকার কবির বকুল, আজিজুল হক, মোস্তফা কামাল, মাইনুর রহমান ভুইয়া, এ কিউ এম ওয়াজেদ, নুরুল আলম শাহীন ও মো. মফিজুর রহমান খান।