৯টি ওয়ার্ডে পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলন করে মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডের পাল্টা কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী পক্ষ। গতকাল বুধবার দুপুরে শহরের শহীদ মিন্টু সড়কের দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির অন্য যুগ্ম আহ্বায়ক আয়ুব হোসেন। এ সময় সৈয়দ মোকাদ্দেস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কমিটিতে ১ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলামকে আহ্বায়ক করে ১০১ সদস্য, ২ নম্বর ওয়ার্ডে আজিজ বিশ্বাসকে আহ্বায়ক করে ৯১ সদস্য, ৩ নম্বর ওয়ার্ডে দাউদ হোসেন বিশ্বাসকে আহ্বায়ক করে ৭১ সদস্য, ৪ নম্বর ওয়ার্ডে গাজীউর রহমানকে আহ্বায়ক করে ৫১ সদস্য, ৫ নম্বর ওয়ার্ডে আবদুস সালামকে আহ্বায়ক করে ১০১ সদস্য, ৬ নম্বর ওয়ার্ডে মহসিন আলীকে আহ্বায়ক করে ১০১ সদস্য, ৭ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমানকে আহ্বায়ক করে ৯১ সদস্য, ৮ নম্বর ওয়ার্ডে ওমর আলী শেখকে আহ্বায়ক করে ১০১ সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডে আবদুর রাজ্জাককে আহ্বায়ক করে ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণার সময় আয়ুব হোসেন অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম কোনো সম্মেলন ছাড়াই নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে মহম্মদপুর উপজেলার নিভৃত পল্লিতে বসে একের পর এক কমিটি গঠন করে যাচ্ছেন। যে কারণে তাঁরা জেলা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেসের নেতৃত্বে সম্মেলন করে গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করছেন। তাঁদের গঠিত কমিটি কোনো পাল্টা কমিটি নয়।

এর আগে গত সপ্তাহে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম পন্থী পৌর বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর সভার নয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।