৯০ জনের নম্বর পরিবর্তন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে শুধু ৯০ জনের নম্বর পরিবর্তন হয়েছে। বাকি পরীক্ষার্থীদের পরীক্ষার নম্বর অপরির্তিত রয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। গত সোমবার সন্ধ্যায় বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হয়। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়েছে। এ বছর মোট সাত হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী ২৮ হাজার আটটি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে একজন একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছরে নম্বর পরিবর্তনের সংখ্যা কমেছে। গত বছর ৯৯ জনের নম্বর পরিবর্তন হয়েছিল। এ প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, পরীক্ষকেরা গত বছরের তুলনায় এ বছর আরও বেশি মনোযোগী এবং যত্নবান ছিল। সে কারণেই এবারে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ভুল কম পাওয়া গেছে।’
বোর্ড সূত্রে জানা যায়, নম্বর পরিবর্তন হওয়া ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের তালিকায় রয়েছেন পাঁচজন। তাঁরা নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। দুজন গোল্ডেন জিপিএ পেয়েছেন। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ছয়জন পরীক্ষার্থীর উত্তরপত্রে নতুন করে নম্বর যুক্ত হয়েছে। তবে তা গ্রেডিং পরিবতনের মতো যথেষ্ট নয়। বাকি পরীক্ষকদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণেও নতুন করে কিছু নম্বর যোগ হয়েছে।
জানা যায়, ৮২ জনের বাইরে আটজনের ফলাফলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। তাঁরা একসঙ্গে তিন-চারটি অকৃতকার্য বিষয়ের মধ্যে একটি অথবা দুটিতে পাস করলেও সামগ্রিকভাবে পাস করতে পারেননি।