৯০ জাহাজ থেকে খালাস হয়নি এক টন পণ্যও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনাম থেকে সরকারি চাল নিয়ে আসা এমভি ভিসাত ভিসিটি-০২ জাহাজ থেকে গত ১২ দিনে খালাস হয়েছে মাত্র ৪ হাজার টন। বন্দরে আসা আরও দুটি জাহাজ থেকে চাল খালাসই শুরু হয়নি। বৃষ্টির কারণে তিন দিন ধরে এই তিন জাহাজ থেকে এক টন পণ্যও খালাস হয়নি।

শুধু চাল নয়, গম, মসুর ডাল, চিনির মতো ভোগ্যপণ্যের খালাসও বন্ধ রয়েছে। এমনকি শিল্পের কাঁচামালবাহী সিমেন্ট ক্লিংকার, জিপসাম, স্ক্র্যাপ ইত্যাদি পণ্যও খালাস হচ্ছে না। খালাসের সময় বৃষ্টিতে পণ্য নষ্ট হওয়ার ভয়ে এ সময় কাজ বন্ধ রাখা হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানান।

গতকাল মঙ্গলবার বন্দরের প্রতিবেদনে দেখা যায়, গতকাল সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বহির্নোঙরে ৮৮টি জাহাজ থেকে কোনো পণ্য খালাস হয়নি। আবার বৃষ্টির কারণে জেটিতে দুটি চালবাহী জাহাজ থেকে চাল খালাস হয়নি বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাল খালাসের জন্য সব প্রস্তুতি থাকার পরও বৃষ্টির কারণে খালাস করা যাচ্ছে না। তিন দিন ধরে এক টন পণ্যও খালাস হয়নি। তিনটি জাহাজে এখনো প্রায় ৬৪ হাজার টন চাল রয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, দ্রুত চাল আমদানি হলেও বৃষ্টির কারণে পণ্য খালাস না হওয়ায় সরকারি গুদামে চাল তোলা যাচ্ছে না। গতকাল সরকারি গুদামে মজুত ছিল ১ লাখ ৯৬ হাজার টন চাল। বন্দরে আসা তিন জাহাজের চাল গুদামে তোলা হলে মজুতের পরিমাণ হতো ২ লাখ ৬০ হাজার টন।

বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তরের জন্য আমদানিকারকদের কাছে লাইটার জাহাজ বরাদ্দ দেয় ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এই সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণেই পণ্য স্থানান্তরের কাজ ব্যাহত হচ্ছে। শুক্র ও শনিবার যেসব জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোতে এখন পর্যন্ত পণ্যবোঝাই হয়নি। ফলে আমদানিকারকেরাও নতুন জাহাজ বরাদ্দ নেননি।

বন্দরের তথ্যে জানা যায়, শুধু বহির্নোঙরেই নয়, বৃষ্টির কারণে বন্দর জেটিতে সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসের কাজও ব্যাহত হয়। সাধারণত জেটিতে প্রতি জাহাজ থেকে যেখানে দিনে ৩-৪ হাজার টন পণ্য খালাস হয় সেখানে এখন তা ৫০০ টনের নিচে নেমে এসেছে। এর মধ্যে খাদ্যশস্যবাহী জাহাজগুলো থেকে পণ্য খালাস বন্ধ ছিল।