পাবনার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৬৭টি পদের মধ্যে প্রতিনিয়ত ৯০ থেকে ১০০টি পদ শূন্য থাকছে। ঘাটতি পূরণে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁরা স্থায়ী হচ্ছেন না। নিয়োগের মাস খানেকের মাথায় বদলি নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র। ফলে এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা।
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, আট উপজেলায় ছয়টি ৫০ শয্যা ও দুটি ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। শয্যা অনুযায়ী এসব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ১৬৭টি। কিন্তু বর্তমানে আছেন মাত্র ৭৭ জন। এর মধ্যে ৫০ শয্যার চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসকের ১৯টি পদই শূন্য। সুজানগরে ২৯টির মধ্যে ১৯, বেড়ায় ১৭টির মধ্যে ৬, সাঁথিয়ায় ২০টির মধ্যে ১০, ফরিদপুরে ২৬টির মধ্যে ১৪, ভাঙ্গুড়ায় ১৪টির মধ্যে ১০, ঈশ্বরদীতে ১৬টির মধ্যে ৪ ও আটঘরিয়ায় ১৪টির মধ্যে ৮টি পদই শূন্য।
চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১২ সালে হাসপাতালটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। বাড়তি রোগীর চাপ সামাল দিতে অ্যাডহক ভিত্তিতে ১৮ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু তিন মাসের মধ্যেই তাঁরা সবাই বদলি নিয়ে অন্যত্র চলে যান। এরপর আর নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে অর্থোপেডিক, শিশু, নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও যৌন বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক (আরএমও) সবিজুর রহমান বলেন, এখানে বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৪০০ রোগী আসেন। অন্তর্বিভাগেও ৫০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। এখানে খাতা-কলমে ১২ জন চিকিৎসক থাকলেও বাস্তবে তা নেই। এর মধ্যে চারজন চিকিৎসক এক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না। তাঁরা চাকরিও ছাড়েননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। আরও একজন আছেন মাতৃত্বকালীন ছুটিতে। ফলে মাত্র সাতজন চিকিৎসক দিয়ে হাসপাতাল চলছে।
সিভিল সার্জনের কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দশা একই। চিকিৎসকেরা এখানে থাকছেন না। স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তা ঘুষের বিনিময়ে তাঁদের পছন্দমাফিক স্থানে বদলি করিয়ে দিচ্ছেন। এই বদলি-বাণিজ্য না থামলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক-সংকট কাটবে না।
সিভিল সার্জন তাহসিন বেগম বলেন, ‘উপজেলা পর্যায়ে থাকতে চিকিৎসকদের কিছুটা অনীহা রয়েছে, এটা ঠিক। কিন্তু আমরা সব সময় চিকিৎসকদের ঘটতি পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বোপরি স্বাভাবিক সেবা বজায় রাখতে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে পাঁচ থেকে ছয়জন চিকিৎসক নিশ্চিত করা হয়েছে।’