৯০ দিনের মধ্যে দাবি না মানলে দুর্বার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৯০ দিন সময় দিয়েছেন খালেদা জিয়া। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে সরকারকে বাধ্য করা হবে।গতকাল বুধবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন। বেলুন উড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোভাযাত্রার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘এ শোভাযাত্রার জনসমুদ্র প্রমাণ করে, বিএনপি মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল।’বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। এর মধ্য দিয়ে জাতি স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, আপনারা শোভাযাত্রার পথে পথে জনগণের কাছে তা তুলে ধরবেন।’ শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। অনেকের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি।বিকেল সাড়ে চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এ সময় ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটায় শোভাযাত্রা কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরীসহ দলের কেন্দ্রীয় মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।