৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়ন করে ১১ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
রুলে বিদ্যমান অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং অ্যাডহক কমিটির চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের ৭ ডিসেম্বর রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
ওই কলেজের পরিচালনা পরিষদের সর্বশেষ নির্বাচন হয় ২০০৮ সালে। দুই বছরের জন্য নির্বাচিত ওই কমিটির মেয়াদ ২০১০ সালে শেষ হয়।