মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার ও বিএসএমএমইউ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে বিএসএমএমইউর কারাকক্ষে (প্রিজন সেল) আটক গোলাম আযমের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।
৯২ বছর বয়সী গোলাম আযমের চিকিত্সার জন্য সকালে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এ বি এম আবদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী আবদুল আলীম মারা যাওয়ার পর থেকে গোলাম আযম কিছুটা অস্থির ছিলেন। মঙ্গলবার (গতকাল) সকালে জুস পানের সময় তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। ধারণা করছি, তাঁর মৃদু হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। এ জন্য কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে সিসিইউতে পাঠানো হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’
বিএসএমএমইউ সূত্র জানায়, বিকেলের দিকে গোলাম আযমের শারীরিক অবস্থার উন্নতি হয়। তাঁর চিকিৎসার জন্য সন্ধ্যায় সাত সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে এই মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে।
গত বছরের ১৫ জুলাই গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এসব অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ তাঁকে ৯০ বছরের কারাদণ্ড দেন।