৯০ বছরেও ইট ভাঙেন তিনি

বয়স ৯০ বছর। মাথার সব চুলই পাকা। পরনে বিধবার সাদা শাড়ি। ভালো নাম নীলাপতি, সবাই তাঁকে জানে ‘সাদা বুড়ি’ হিসেবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে হাতুড়ি দিয়ে ইট ভাঙেন তিনি।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বাড়াইশাল হিন্দুপাড়ায় সাদা বুড়ির বাড়ি। প্রতিদিন প্রায় তিন-চার কিলোমিটার সড়ক হেঁটে শহরের বাঙালিপুরে বিটিসিএল প্রাচীরের কাছে ইট ভাঙতে আসেন তিনি। শরীরে শক্তি খুব একটা পান না। তবুও এক একটি করে ইট হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট খোয়া তৈরি করেন। একটি ইট ভাঙলে বিনিময়ে পান এক টাকা। এভাবে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১০৫টি ইট ভেঙে রোজগার করেন তিনি। আর এসব ইটের খোয়ায় তৈরি হয় বড়লোকের আলিশান বাড়ি।
গতকাল মঙ্গলবার কথা হয়, সাদা বুড়ির সঙ্গে। তিনি বলেন, নিজের ভিটেমাটি নেই। তাই সরকারি খাসজমিতে ঘর তুলে আছেন। স্বামী ভোলানাথ চন্দ্র রায় অনেক আগে মারা গেছেন। সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। ধারদেনা ও অতিকষ্টে মেয়েগুলোর বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে কাঞ্চন (৪৫) ভ্যান চালিয়ে সংসার চালান। প্রায় ২০ বছর ধরে ইট ভাঙার কাজ করছেন তিনি। বয়স হয়েছে তাই চোখের নজরও কমে এসেছে। মাঝেমধ্যে হাতুড়ির বাড়ি ইটে না পড়ে তাঁর হাতে লাগে। এতে অসহ্য যন্ত্রণায় ভুগতে হয় তাঁকে। তাঁর ডান চোখের মাংস বেড়েছে। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। টাকা না থাকায় চিকিৎসাও করাতে পারছেন না। সংসারের অভাব ঘোচাতে এ বয়সেও তাঁকে ইট ভাঙতে হচ্ছে।