৯০ বছরেও বয়স্ক ভাতার কার্ড জোটেনি মজিদার
‘পোলাপানগুলা নিজের মতো চলে। আমারে কিছু দেয় না। ভিক্ষা কইরা খাই। আগের চেয়ারম্যান কইছিল, বয়স্ক ভাতার কার্ড দিব। দেয় নাই। এইবার নতুন চেয়ারম্যান আইছে। আমার থেইকা কম বয়সের মাইনষেরেও দেহি কার্ড দিছে। তয় আমারে অহনও দেয় নাই।’ কাঁপা কাঁপা স্বরে কথাগুলো বলছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মজিদা বেগম (৯০)।মজিদা জানান, স্বামী আবদুল ওহাব অন্যের জমিতে কাজ করতেন। তিনটি সন্তান জন্মের পরই ১৯৭০ সালে ওহাব মারা যান। বসতভিটা ছাড়া আর কিছুই রেখে যাননি তিনি। তাই সন্তানদের নিয়ে বেঁচে থাকার তাগিদে এক সময় ভিক্ষা করতে শুরু করেন মজিদা। এক সময় ছেলেমেয়ে বড় হয়। তাঁদের বিয়ে-শাদি হয়। ছেলেরা রিকশা-ভ্যান চালিয়ে রোজগার শুরু করেন। কিন্তু আজও ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে মজিদা বেগমকে। কারণ, সন্তানেরা নিজেদের সংসার নিয়ে আলাদা। বয়স হওয়ায় আগের মতো বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাও আর করতে পারেন না মজিদা। তাই বয়স্ক ভাতার কার্ডের জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে ধরনা দিতে থাকেন। কিন্তু কাজ হচ্ছে না। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ বলেন, ‘আমি যেহেতু তাঁকে বলেছি, কার্ড আমি তাঁকে করে দিব।’