৯০ ভাগ চালক সঠিকভাবে গাড়ি চালাতে জানেন না
বাংলাদেশে ৯০ শতাংশ চালক সঠিকভাবে গাড়ি চালাতে জানেন না, আর জানলেও তাঁরা উদাসীন এবং পথচারীরাও নিয়ম মেনে চলেন না। এসব কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। অথচ একটু সচেতন হলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার নিরাপদ সড়ক এবং দুর্ঘটনা হ্রাসে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের আয়োজনে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে সকাল ১০টায় প্রধান অতিথি জেলা প্রশাসক ভোলানাথ দে কর্মশালা উদ্বোধন করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক শেখ আশরাকুর রহমান, ট্রাফিক পরিদর্শক মাহবুব শরীফ, শ্রমিক ইউনিয়নের নেতা এম জেনারেল ইসলাম ও ইসলাম উদ্দিন। কর্মশালায় জেলার ২০০ জন চালক এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এতে শতভাগ নিশ্চিত হয়েই চালকদের গাড়ি চালানোর অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়ার সুপারিশ করা হয়। বক্তারা বলেন, অনেক সময় চালকের আসনে তাঁর সহকারী বসে গাড়ি চালান। এটা কখনো কাম্য নয়। ‘অনিয়মই নিয়ম’—এই মানসিকতার পরিবর্তন করতে হবে। কারণ, দুর্ঘটনায় শুধু যাত্রী বা পথচারী মারা যান না, অনেক চালককেও প্রাণ হারাতে হয়। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।