৯০ ভাগ সফল হয়েছি: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঈদে ঘরমুখো যাত্রায় ৯০ ভাগ সফল হয়েছেন দাবি করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শতভাগ না হলেও ৯০ ভাগ সফল হয়েছি। যাওয়ার সময়টা ভালো হয়েছে। আসার সময়টাও যেন ভালো হয়।’

আজ সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদের পরও সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বৃষ্টি ও অতিরিক্ত গাড়ির চাপে রাস্তায় সৃষ্ট ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে হবে। এ জন্য দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, ঘরমুখো মানুষ আবার যখন ফিরে আসবেন, তখন পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না।

মন্ত্রী সড়ক ও জনপথ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করবেন, তাতে কোনো বাধা নেই। ঈদ সেরেই আবার রাস্তায় চলে আসবেন। কেউ কর্মে শৈথিল্য দেখাবেন না।’
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।