৯০ ভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ম মানছে না
দেশের প্রায় ৯০ ভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র সংক্রমণ (ইনফেকশন) প্রতিরোধের নিয়ম মানছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দুর্বল ব্যবস্থাপনা ও নজরদারির অভাব এর জন্য দায়ী। স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত ‘হেলথ ফ্যাসিলিটি সার্ভে ফর মনিটরিং প্রো-পুওর পারফরম্যান্স, ইনপুটস, কোয়ালিটি অব রেকর্ড কিপিং, অ্যাভেইলেবিলিটি অ্যান্ড নলেজ অব স্টাফ অ্যান্ড পেশেন্ট সেটিসফেকশন’ শীর্ষক জরিপে এই তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরে জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় রিসার্চ, ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আরটিএম) ইন্টারন্যাশনাল ছয়টি বিভাগের ৭১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং তিন হাজার ১৭৫ জন সেবাগ্রহীতার ওপর জরিপ করে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট গবেষকেরা বলেন, সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা ও বর্জ্য-ব্যবস্থাপনা দুর্বল।সংক্রমণ প্রতিরোধ নির্দেশিকায় যন্ত্রপাতি, গ্লাভস ও বর্জ্য অপসারণের পর খালি পাত্র দশমিক ৫ শতাংশ ক্লোরিন দ্রবণে ১০ মিনিট ডুবিয়ে রেখে বিশোধন করার কথা বলা হয়েছে। হেপাটাইটিস বি, সি, ডি ও এইচ প্রতিরোধে এটা অনুসরণ করার কথা। কিন্তু মাত্র ১১ দশমিক ১ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র নিয়ম মেনে চলছে। ৫২ দশমিক ৮ শতাংশ কেন্দ্রে কিছু নিয়ম মানা হয়, কিছু মানা হয় না। এ ছাড়া ৮০ ভাগ স্বাস্থ্যকেন্দ্র যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে অটোক্লেভ যন্ত্র ঠিকমতো ব্যবহার করছে না। গবেষকেরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখেছেন, কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে অটোক্লেভ যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। জরিপে দেখা গেছে, রোগী দেখার টেবিল পরিষ্কারের নিয়ম মানা হয় না। বিছানার চাদরও এক দিন পরপর পরিবর্তন করা হয় না। ৭৫ ভাগ স্বাস্থ্যকেন্দ্রের এই অবস্থা। কোনো কোনো কেন্দ্রে একজন রোগী চার-পাঁচ দিন থাকলেও একবারও বিছানার চাদর পরিবর্তন করা হয় না। আরটিএমের কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ প্রতিরোধ নির্দেশিকা প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মেনে চলার কথা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা মেনে না চললে রোগী এক রোগ নিয়ে হাসপাতালে আসবে, কিন্তু অন্য রোগ নিয়ে বেরিয়ে যাবে। জরিপে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৩০ শতাংশের বেশি এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ৫০ শতাংশের বেশি চিকিৎসক অনুপস্থিত থাকেন।