৯০ মিটার রাস্তা নদীগর্ভে, ঘুরতে হয় চার কিমি
রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ১৩ মাইল নামক স্থান থেকে উজিয়াল গ্রাম পর্যন্ত রাস্তাটি প্রায় ১১ কিলোমিটার। এটি হাড়িয়ালকুঠি ও ইকরচালী ইউনিয়নের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ সড়ক। এবারের বর্ষায় সড়কটির ৯০ মিটার অংশ যমুনেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সড়কের ওই ভাঙা অংশে মাটি ভরাট না করায় দুই ইউনিয়নের ১৮টি গ্রামের সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। এলাকার লোকজন জানান, গত ১৫ জুন রাতে পাঁচানি গ্রামের কাছে নদীভাঙনে আবাদি জমিসহ সড়কটির ৯০ মিটার অংশ বিলীন হয়ে যায়। ফলে ইউনিয়ন দুটির অন্তত ২০ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পোহাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির ভাঙা অংশ পুনর্নির্মাণ না করায় রিকশা, ভ্যান, ভটভটি, মাইক্রোবাস, মোটরসাইকেল অতিরিক্ত চার কিলোমিটার বেশি পথ ঘুরে যাতায়াত করছে। জমির আইল ও অন্যের বাড়ির অঙিনা দিয়ে লোকজন চলাচল করছে পায়ে হেঁটে। হাড়িয়ালকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার হোসেন বলেন, ‘এলাকার লোকজন তাদের সমস্যার কথা আমাকে বলেছে। কিন্তু ইউনিয়ন পরিষদের তহবিলে অর্থ না থাকায় এ মুহূর্তে এই সমস্যার সমাধান করা যাচ্ছে না।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুনবী দুলাল বলেন, চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে শিগগির এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।