৯০ লাখ টাকার পানির ট্যাংক কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ বছর আগে নির্মাণের পর থেকেই ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের পানির ট্যাংকটি ব্যবহার করা যাচ্ছে না ষ প্রথম আলো
১৯ বছর আগে নির্মাণের পর থেকেই ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের পানির ট্যাংকটি ব্যবহার করা যাচ্ছে না ষ প্রথম আলো

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পানির ট্যাংকটি কোনো কাজে আসছে না। নির্মাণজনিত ত্রুটির কারণে ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ট্যাংকটি প্রায় ১৯ বছর ধরে অব্যবহূত পড়ে রয়েছে। ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, নির্মাণের পর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ (পাউবো) ত্রুটিপূর্ণ অবস্থাতেই ট্যাংকটি বুঝিয়ে দেয়।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ৫০ হাজার গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন ওভারহেড পানির ট্যাংক এবং বৈদ্যুতিক কাজে ব্যয় হয় ৮৯ লাখ ৭১ হাজার টাকা। ১৯৯৪ সালের ১০ ডিসেম্বর পাউবো ত্রুটিপূর্ণ অবস্থাতেই পানির ট্যাংকসহ অন্যান্য অবকাঠামো ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল বাতেন খান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী রেজাউল করিমের কাছে বুঝিয়ে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান জাহাঙ্গীর অ্যান্ড কোং এসব অবকাঠামো নির্মাণ করে। তদারকিতে ছিলেন পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. আলী আকবর ও উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা আবদুল মালেক।
ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, হস্তান্তরের সময় পানির ট্যাংকের সিঁড়ির বেশির ভাগ ধাপের রড বের হয়ে ছিল। এ ছাড়া ট্যাংকের একটি পাইপ ও একটি গেট বাল্বে ছিদ্র এবং কনসিল ওভার ফ্লু পাইপে ত্রুটি ছিল। এর ফলে দেয়াল সব সময় ভিজে থাকে। ডেলিভারি পাইপলাইনেও ত্রুটি থাকায় পানি খুব দ্রুততম সময়ে কমে যায়। পাইপলাইনের নিচে চারদিকে পানি প্রবাহিত হয়।

ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দিবাকর চাকমা বলেন, ‘১৯৯৪ সালে পাউবো একপ্রকার জোর করেই অবকাঠামো আমাদের বুঝে নিতে বাধ্য করে। ত্রুটিপূর্ণ বিধায় শুরু থেকেই ওই ট্যাংকটি আমরা ব্যবহার করছি না। আমরা বর্তমানে ৩০ ও ৬০ অশ্বশক্তি ক্ষমতাসম্পন্ন দুটি মেশিন দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে কাজ চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, পানির ট্যাংকটি ত্রুটিমুক্ত করে পুনরায় চালু করা যায় কি না, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

জোর করে কাজ বুঝে নিতে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে ফরিদপুর পাউবোর বর্তমান নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, বিষয়টি বহু পুরোনো। নদী গবেষণা ইনস্টিটিউট কাজ বুঝে নিতে চায়নি—এ-জাতীয় কোনো তথ্য তিনি জানেন না। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।