৯০ শতাংশ কিডনি রোগী বিনা চিকিৎসায় মারা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতি ছয়জনের মধ্যে একজন দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত। আর কিডনি বিকলের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্তদের পাঁচ শতাংশেরও কম রোগী দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে নিতে পারে। তাই দেশের ৯০ শতাংশ রোগীই বিনা চিকিৎসায় মারা যায়। অন্যদিকে কিডনি রোগে আক্রান্ত এক কোটি ৮০ লাখ রোগীর জন্য দেশে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ৭৫ জন। সব রোগীকে সেবা দিতে হলে এই চিকিৎসকদের প্রতিদিন গড়ে ৭০০ রোগী দেখতে হবে।দেশের কিডনি রোগ পরিস্থিতির এই চিত্র তুলে ধরেছেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সংগঠনটি গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এমনই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কিডনিকে সুরক্ষা করুন, হূৎপিণ্ডকে বাঁচান’।দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।গোলটেবিলের মূল প্রবন্ধে ক্যাম্পসের সভাপতি এম এ সামাদ বলেন, ডায়রিয়া, রক্তক্ষরণ, তীব্র সংক্রমণ, হূদরোগ, প্রস্রাব প্রবাহে বাধা, দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন ও বংশগত কারণে কিডনি রোগ হতে পারে। ডায়াবেটিস রোগীদের ৩০ থেকে ৪০ শতাংশের কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের হূদরোগের হার সাধারণ মানুষের তুলনায় ১০ থেকে ৩০ শতাংশ বেশি।প্রবন্ধে বলা হয়, দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র হওয়ায় ৯০ শতাংশ রোগীই বিনা চিকিৎসায় মারা যায়। মাত্র ১০ শতাংশ রোগী কিডনি ডায়ালাইসিস করাতে পারে, আর ৪০ হাজারের বেশি রোগীর কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। তবে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত ও চিকিৎসা করা গেলে ৫০ শতাংশ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। বৈঠকে বারডেম হাসপাতালের চিকিৎসক শুভাগত চৌধুরী বলেন, দৈনন্দিন জীবন যাপনের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারলে কিডনি রোগ কমে আসবে। রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা সহজেই নিয়ন্ত্রণ করা যায়।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কিডনি বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কিডনি রোগে আক্রান্তদের জীবনযাত্রার মান অনেক শোচনীয় পর্যায়ে নেমে যায়। অনেক অর্থ ব্যয় করার পরও তাদের নানা জটিলতা দেখা দিতে থাকে। বৈঠকে রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, গবেষক ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। গোলটেবিল সঞ্চালনা করেন সাংবাদিক শাহীন রেজা নূর।