৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লক্ষ্মীপুরের রায়গঞ্জের মো. হাবিবুর রহমান স্ট্রোকে আক্রান্ত হন গত ২৬ জুন। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি ব্লকের ১৩ তলায় স্নায়ুরোগ বিভাগে ১৩/এ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।
হাবিবুর রহমানের বয়স ৪৫ বছর। তাঁর স্ত্রী জানিয়েছেন, হাবিবুর ধূমপানে আসক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডায়াবেটিস আছে, একই সঙ্গে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। বিএসএমএমইউর স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক হাসান জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, হাবিবুরের বয়স, ধূমপানের অভ্যাস, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—সব কটিই স্ট্রোকের জন্য ঝুঁকি তৈরি করে।
আন্তর্জাতিক গবেষণা বলছে, বিশ্বে যতগুলো স্ট্রোকের ঘটনা ঘটে, তার ৯০ শতাংশই প্রতিরোধযোগ্য। দরকার জীবন অভ্যাসে পরিবর্তন। চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর এই গবেষণার তথ্যের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলেছেন, দেশে স্ট্রোকের প্রকোপ বাড়ছে। জনসচেতনতা বাড়াতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ মস্তিষ্ক অকার্যকর হওয়াই স্ট্রোক। রক্তনালি ফেটে রক্তক্ষরণ বা রক্তনালিতে রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোক হয়। এর ফলে শরীরের অংশবিশেষ দুর্বল বা অবশ হয়ে যায়, মুখ বেঁকে যায়, কথায় জড়তা আসে বা দৃষ্টিশক্তি লোপ পায়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক উত্তম কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘স্ট্রোক বজ্রপাতের মতো হঠাৎ আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার বেশি। যাদের মৃত্যু হয় না, তাদের একটি বড় অংশ প্রতিবন্ধী হয়ে পড়ে।’
ল্যানসেট গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেছে গত মাসে। তাতে ১৮৮টি দেশের ২৩ বছরের (১৯৯০-২০১৩) তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, জীবনযাপন-পদ্ধতি ও আচরণগত (ধূমপান, খাদ্যাভ্যাস ও কায়িক শ্রমের ঘাটতি) পরিবর্তন এনে ৯০ শতাংশ স্ট্রোকের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। রক্তচাপ স্বাভাবিক রেখে, রক্তে শর্করা ও কোেলস্টেরল নিয়ন্ত্রণ করে স্ট্রোকের ঝুঁকি কমানো যায়। গবেষণায় বলা হয়েছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে বায়ুদূষণ স্ট্রোকের বড় কারণ হিসেবে দেখা দিয়েছে। তবে বায়ুদূষণের সঙ্গে স্ট্রোকের সম্পর্কের বিষয়ে তথ্য দেশি বিশেষজ্ঞদের কাছে নেই।
ল্যানসেট-এর পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশের ৫৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। ২১ শতাংশ মানুষ ধূমপান করে। প্রায় ১০ শতাংশ মানুষের রক্তে প্রয়োজনের অতিরিক্ত শর্করা, অর্থাৎ তারা ডায়াবেটিসে আক্রান্ত। ২২ শতাংশ মানুষ বাতাসে ভাসমান বস্তুকণা ও ৩০ শতাংশ মানুষ জ্বালানি-সংশ্লিষ্ট দূষণের শিকার।
দেশের মানুষের স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতার বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের দেওয়া তথ্য বলছে, দেশে বছরে প্রায় ৪৮ হাজার মানুষ স্ট্রোকে মারা যায়। স্ট্রোকে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। জাতীয় এই প্রতিষ্ঠানের চিকিৎসকেরা বলেছেন, সাধারণত ৪০ বছর বয়সের পর থেকে স্ট্রোকের ঝুঁকি দেখা দেয়। তবে কয়েক বছর ধরে ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যেও স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। হাসপাতালে আসা রোগী দেখে এই প্রবণতা ধরা পড়েছে।
নিউরো সায়েন্সেস হাসপাতালের ষষ্ঠ তলায় ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি উত্তরার এক গৃহবধূর বয়স ৩২ বছর। ২০ জুলাই ভর্তি হলেও চিকিৎসকেরা স্ট্রোকের কারণ শনাক্ত করতে পারেননি।
করণীয়: উত্তম কুমার সাহা বলেন, স্ট্রোক মানুষকে দিশাহারা করে ফেলে। ঠিক সময়ে যথাযথ চিকিৎসা না হলে পুরোপুরি সুস্থ করে তোলা কঠিন। এ জন্য প্রতিরোধের ওপরই জোর দিতে হবে। স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সরকারের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
১৮৮টি দেশের তথ্য বিশ্লেষণ করে ল্যানসেট বলছে, স্ট্রোক প্রতিরোধে শিক্ষা প্রচারণা, সফল উদাহরণভিত্তিক পরিকল্পনা, অগ্রাধিকার নির্ণয়, গবেষণা ও তহবিল বরাদ্দ প্রয়োজন।
হাসান জাহিদুর রহমান বলেন, হাসপাতালের চিকিৎসা শেষে পরিবারে ফিরে গিয়ে রোগী যেন প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা পায়, সেই বিষয়টিতেও জোর দিতে হবে। রোগীকে সচল রাখা ও তার মনোবল চাঙা রাখার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনেক বড়।